BLO: ২৫ নভেম্বরের মধ্যে কাজ শেষের নির্দেশ মানতে নারাজ! জ্ঞানেশ কুমারের ঘোষণার পর পরই পথে নামল বিএলও-দের একাংশ

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) বিভিন্ন প্রান্তে আজ যেন উত্তেজনার রাশ টানছে না কোনওভাবেই। একদিকে নবাগত চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ, অন্যদিকে নির্বাচন প্রস্তুতি নিয়ে ক্ষুব্ধ ব্লক লেভেল অফিসারদের (BLO) প্রতিবাদ দু’য়ের চাপে নাজেহাল কলকাতা পুলিশ। দুপুর গড়াতেই বিবাদী বাগ চত্বর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। ব্যারিকেডের একদিকে পুলিশকর্মীরা সার বেঁধে দাঁড়িয়ে, আর অন্যদিকে স্লোগান তুলতে থাকা বিএলওদের (BLO) ভিড়। মাঝে মাঝে ব্যারিকেড ভাঙার চেষ্টা ও ধস্তাধস্তি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

আরও পড়ুন: SIR: নবদম্পতির সুখের দিনে এসআইআরের চাপ! ডোমকলের BLO-র ব্যতিক্রমী দৃশ্য

SIR (State Inspection Report) ব্যবস্থার বিরোধিতা করতে এবং কাজের চাপ কমানোর দাবি নিয়ে ‘BLO অধিকার মঞ্চ’ নামে একটি সংগঠন সোজা আক্রমণ শানায় CEO দফতরের সামনে। অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে প্রতিদিনই বিভিন্ন নির্দেশ আসছে, যা মাঠপর্যায়ের কর্মীদের ওপর অসহনীয় চাপ তৈরি করছে। তার সঙ্গে যোগ হয়েছে ভোটারদের ফর্ম ডিজিটাইজেশনের কাজ, যা যথেষ্ট সময়সাপেক্ষ। তাদের বক্তব্য, সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হলেও কোনও সাড়া মেলে না। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গত সপ্তাহে রাজ্যে এসে স্পষ্ট জানিয়ে দেন, ডিজিটাইজেশনের সময়সীমা একদিনও বাড়ানো হবে না। তার নির্দেশ অনুযায়ী, ৪ ডিসেম্বর নয়, ২৫ নভেম্বরের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। এই কড়া অবস্থানই আজকের বিক্ষোভের আগুনকে আরও উসকে দেয়।

CEO দফতরের গেটে এক আন্দোলনকারী বিএলও তালা লাগানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটকায়। এর পরেই বিক্ষোভকারীদের একাংশ রাস্তার ওপরই বসে পড়েন। তাঁদের দাবি, কাজ করতে আপত্তি নেই, কিন্তু অপ্রতুল পরিকাঠামো আর অপর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে অসম্ভব সময়সীমা মানা যায় না। আন্দোলনকারীদের অভিযোগ, “অন্যান্য রাজ্য যেখানে আগে থেকেই সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণ পেয়েছে, সেখানে বাংলার মাঠপর্যায়ের কর্মীরা অনেক পিছিয়ে। পরিকাঠামোও তুলনামূলকভাবে দুর্বল।” দীর্ঘক্ষণ উত্তেজনার মাঝে দাঁড়িয়ে ভিড়ে থাকতেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা বিএলও। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাড়তি বাহিনী মোতায়েন করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole