নিউজ পোল ব্যুরো: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের অন্তর্গত হলেও বেজিং দীর্ঘদিন ধরে এটিকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে। এবার সেই বিতর্কিত যুক্তিকেই হাতিয়ার করে এক ভারতীয় তরুণীকে সাংহাই বিমানবন্দরে দীর্ঘ ঘণ্টার জন্য আটকে রাখা হয়েছে। হেনস্তার শিকার হওয়া ওই তরুণী লন্ডন থেকে জাপান যাওয়ার পথে ছিলেন। ঘটনার কেন্দ্রবিন্দু পেমা ওয়াংজাম থংডোক। অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) জন্মগ্রহণ করা পেমা বর্তমানে ব্রিটেনের নাগরিক এবং ভারতের বৈধ পাসপোর্ট নিয়ে যাত্রা করছিলেন। গত শুক্রবার পেমার বিমান লন্ডন থেকে জাপানের উদ্দেশে য়াত্রা শুরু করে। পথে তিন ঘণ্টার জন্য তারা সাংহাইয়ের পুদং এয়ারপোর্টে থামে। এখানেই শুরু হয় তার দুঃস্বপ্ন।
বিমানবন্দর অভিবাসন কর্তৃপক্ষ দাবি করে, পাসপোর্টে জন্মস্থান হিসেবে “অরুণাচল প্রদেশ” (Arunachal Pradesh) লেখা থাকায় পাসপোর্ট বৈধ নয়, কারণ তারা এটিকে চীনের অংশ হিসেবে গণ্য করে। এরপর পেমার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং তাকে বিমানবন্দরের মধ্যেই আটকে রাখা হয়। মোট ১৮ ঘণ্টার কঠোর বন্দিত্বে পেমাকে চলাফেরা করতে দেওয়া হয়নি, বিমানে উঠতে অনুমতি মেলেনি, এমনকি খাদ্য ও পানীয় সরবরাহও করা হয়নি। অন্যত্র যাওয়ার জন্য টিকিট কাটা পর্যন্ত বাধা দেওয়া হয়।
শেষ পর্যন্ত ভারতের সাংহাই কনসুলেটের সঙ্গে যোগাযোগের পরেই পেমা নিরাপদে দেশে ফিরে আসেন। নিজের দুর্বিষহ অভিজ্ঞতা তুলে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ (Narendra Modi) বিভিন্ন কর্মকর্তাকে চিঠি লিখেছেন। তিনি দাবি করেন, বেজিংয়ের অভিবাসন কর্মকর্তাদের কাছ থেকে জবাব দাবি করা হোক এবং যারা এ ধরনের আচরণ করেছে, তাদের শাস্তি দেওয়া হোক।
উল্লেখযোগ্য যে, অরুণাচল প্রদেশকে চীন দীর্ঘদিন ধরে নিজেদের অংশ হিসেবে দাবি করছে, যদিও ভারতের স্পষ্ট আপত্তি রয়েছে। এবার এই ধরনের হেনস্তা প্রমাণ করে যে, শুধু রাজ্যটিকে নয়, তার নাগরিকদেরকেও আন্তর্জাতিকভাবে চীনের চাপের মুখে ফেলা হচ্ছে। বিষয়টি আন্তর্জাতিকভাবে নজরকাড়া, এবং ভারতীয় কূটনীতিকদের পদক্ষেপের ওপর এখন সরাসরি নজর রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
