Chattisgarh: ছত্তিশগড়ে মেগা অপারেশন! উদ্ধার প্রচুর আধুনিক অস্ত্র ও তৈরির সরঞ্জাম, কোণঠাসা মাওবাদীরা

দেশ

নিউজ পোল ব্যুরো: বর্ষশেষে বড়সড় নাশকতার ছক বানচাল করল নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের (Chattisgarh) গভীর জঙ্গলে মাওবাদীদের একটি গোপন অস্ত্র তৈরির কারখানার হদিশ মিলেছে। যৌথ অভিযানে পুলিশ ও সিআরপিএফ (CRPF) ওই ঘাঁটি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। নিরাপত্তা সূত্রে জানা যাচ্ছে, এই কারখানা থেকেই ছত্তিশগড় (Chattisgarh) ছাড়াও আশপাশের একাধিক রাজ্যে মাওবাদীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়া হতো। অভিযানের সাফল্যে ফের একবার বড়সড় হামলার পরিকল্পনা ভেস্তে গেল বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Amit Shah: যোগ্যতা দেখালে তবেই টিকিট! বিধানসভা ভোটের আগে বঙ্গ নেতাদের জন্য কড়া ডেডলাইন শাহের

মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে সুকমা জেলার গোন্ডপল্লি গ্রাম সংলগ্ন জঙ্গলে মাওবাদী দমন অভিযানে নামে জেলা পুলিশ ও সিআরপিএফ। দীর্ঘক্ষণ চিরুনি তল্লাশির পর জঙ্গলের ভিতরে একটি সুসজ্জিত অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল, একটি সিঙ্গল ব্যারেল রাইফেল, একটি এসএলআর রাইফেল, একটি বোল্ট অ্যাকশন রাইফেল সহ আরও একাধিক বন্দুক ও পিস্তল। পাশাপাশি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর।

তদন্তকারীদের দাবি, যে পরিসরে এবং যে ভাবে এই অস্ত্র ও বিস্ফোরক তৈরির ঘাঁটি গড়ে তোলা হয়েছিল, তা রীতিমতো চমকে দেওয়ার মতো। অনুমান করা হচ্ছে, আসন্ন সময়ে নিরাপত্তাবাহিনীর উপর বড়সড় হামলা চালানোর প্রস্তুতি চলছিল এই ঘাঁটি থেকেই। তবে এই প্রথম নয়, এর আগেও সুকমা জেলায় একাধিক অস্ত্র ভাণ্ডার ও মাওবাদী ঘাঁটির খোঁজ পেয়েছে বাহিনী। সেগুলিকে সম্পূর্ণভাবে ধ্বংসও করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) আগেই ঘোষণা করেছেন, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সমস্যা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। সেই লক্ষ্যেই ছত্তিশগড় (Chattisgarh), অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা এবং মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলিতে জোরদার অভিযান চালানো হচ্ছে। লাগাতার অভিযানের ফলেই শুধুমাত্র ২০২৫ সালেই এখনও পর্যন্ত দেশে ৩৩৫ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে সরকারি তথ্য।

এই সংখ্যা গত এক দশকের মধ্যে সর্বাধিক। চলতি মাসের শুরুতে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, বর্তমানে ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের সুকমা, বিজাপুর ও নারায়ণপুর এই তিনটি জেলা সবচেয়ে বেশি মাওবাদী উপদ্রুত। গোটা দেশে বর্তমানে মোট ১১টি জেলা মাওবাদী অধ্যুষিত বলে চিহ্নিত। তাঁর দেওয়া হিসেব অনুযায়ী, ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১২৬, ২০২১ সালে কমে হয় ৯০, ২০২৪ সালে ৭০ এবং ২০২৫ সালের এপ্রিলে ৩৮ থেকে অক্টোবরে তা নেমে এসেছে মাত্র ১১টিতে। এই পরিসংখ্যানই স্পষ্ট করছে, মাওবাদী দমনে নিরাপত্তাবাহিনীর অভিযান ধীরে ধীরে সাফল্যের পথেই এগোচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole