নিউজপোল ব্যুরো: এবার নিজের এলাকার পুলিশ আধিকারিক সম্পর্কে জানতে আর থানায় গিয়ে খোঁজ নিতে হবে না। মোবাইল অ্যাপেই মিলবে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক ও বিট অফিসারদের পরিচয় এবং তাঁদের কাজের বিস্তারিত তথ্য। পুলিশ-জনগণের যোগাযোগ আরও সহজ ও স্বচ্ছ করতে শুক্রবার চালু হল ‘পুলিশ মিত্র’ অ্যাপ। নবান্ন সভাঘর থেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ প্রশাসনকে আধুনিক করে তোলা এবং পরিষেবার মান উন্নত করার লক্ষ্যেই এই পদক্ষেপ রাজ্য সরকারের। এদিন পুলিশের আধুনিকীকরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। ব্যুরো অব পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (BPR&D) সঙ্গে এই চুক্তির মাধ্যমে পুলিশের পরিকাঠামো, প্রযুক্তি ও পরিষেবার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখেই কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রাজ্যে পুলিশকর্মীর ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। পুলিশের কাজের পরিধি বাড়লেও পর্যাপ্ত কর্মী নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আধুনিক সরঞ্জাম, নিয়মিত নজরদারি এবং স্পষ্ট রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার উপরেও জোর দিয়েছেন তিনি।
বিট স্তরে সিভিক ভলান্টিয়ারদের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে পুলিশ আধিকারিকদের ভূমিকা বাড়ানোর বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সীমান্তবর্তী রাজ্য হিসেবে নিরাপত্তার প্রশ্নে কেন্দ্র ও রাজ্যের যৌথ সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।
