নিউজপোল ব্যুরো:‘বিগ বস’-এর ঘরে এখন আবেগের মরশুম। প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে আসছেন তাঁদের পরিবারের সদস্যরা। কেউ পাচ্ছেন মায়ের স্নেহ, কেউ আবার প্রিয়জনের কাছ থেকে সাহস ও পরামর্শ। শিলিগুড়ি থেকে ছেলেকে দেখতে মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন রাজবীরের মা। মাকে সামনে পেয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। তবে শুধু আবেগ নয়, ছেলেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন রাজবীরের মা।
বাড়ির মূল ফটক দিয়ে মাকে ঢুকতে দেখেই চোখের জল ধরে রাখতে পারেননি রাজবীর। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেন। আবেগঘন মুহূর্তে তাঁকে বলতে শোনা যায়, “মা, আমি ভাবতেই পারিনি তুমি আসবে। শিলিগুড়ি থেকে চলে এলে?” এরপর বাড়ির অন্য প্রতিযোগীদের সঙ্গে মায়ের পরিচয় করিয়ে দেন তিনি। সকলকে মিষ্টিমুখে জানান, আর মাত্র কয়েকটা দিন, তাই তাঁর দুষ্টুমি যেন সবাই একটু সহ্য করে নেন।
এরপর মায়ের সঙ্গে একান্তে কথা বলার সময় নন্দিনীর প্রসঙ্গ তোলেন রাজবীর। সরাসরি জানতে চান, নন্দিনীকে তাঁর মায়ের পছন্দ কি না। কিন্তু এই প্রশ্ন শুনেই গম্ভীর হয়ে যান রাজবীরের মা। স্পষ্ট জানিয়ে দেন, এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। বরং খেলায় মন দেওয়ার পরামর্শ দেন ছেলেকে। আপাতত অন্য কিছু না ভেবে নিজের খেলায় মনোযোগী হতে বলেন তিনি। তবে নন্দিনী যে ফোন করে তাঁর সঙ্গে কথা বলেছিল, সে কথাও জানান রাজবীরের মা। তাঁর এই প্রতিক্রিয়ায় রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ল।
