নিউজপোল বাংলা: জাতীয় পুরস্কার (National Award) প্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty) ফেসবুক সহ গোটা সমাজ মাধ্যম ছাড়তে বাধ্য হলেন। ট্রোলারদের তীব্র আক্রমণে এই সিদ্ধান্ত নিলেন ইমন। রীতিমত ফেসবুক লাইভ (Facebook Live) করে নিজের সিদ্ধান্ত জানান সঙ্গীতশিল্পী। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিভিন্ন অনুষ্ঠানে ইমনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। ‘পাঁচালি গান’ গেয়ে নাকি ইমন বঙ্গবিভূষণ (bangabivushan) পেলেন সম্প্রতি এমন ভাবে আক্রমণ করা হচ্ছে তাঁকে। শুধু তাই নয়, ইমনের মৃত মাকে অবধি টেনে এনে সমাজ মাধ্যমে অপমানজনক কথা বলা হয়।

সোশাল মিডিয়ায় তারকারা চলে আসেন আমজনতার হাতের নাগালে। সেই সুযোগের অপব্যবহার করেন বহু মানুষ। নিজেদের অবসাদ মেটাতে অযথাই ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন। ঠিক তেমনটাই হয়েছে ইমনের সঙ্গে। মায়ের মৃত্যুদিনে একটি ছবি পোস্ট করেছিলেন গায়িকা। স্বাভাবিকভাবেই তাতে অনেকে শ্রদ্ধা জানিয়ে কমেন্ট করেন। সেখানেই একজন লেখেন, “মাকে ডেকে দেখান, কীভাবে পাঁচালি গেয়ে, চটি চেটে কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন। এরপর নোবেলও পাবেন।” এই কমেন্টেই ভীষণ ভাবে ভেঙে পড়েছেন গায়িকা।

আজ বৃহস্পতিবার সকালে এই বিষয়েই ফেসবুক লাইভ করেন ইমন (Imon Chakraborty)। সম্পূর্ণ ঘটনা সকলের সামনে তুলে ধরে বলেন, “আমি সব রকমের গান গেয়েছি। পাঁচালিও। তাতে আমার কোনও সমস্যা নেই, আমার পরিবারের কারও সমস্যা নেই। তাহলে আপনার কীসের সমস্যা? কেন আমার প্রয়াত মাকে এত বছর পর এভাবে অপমান করা হবে?”
ইমন এদিন আরও জানান, ব্যক্তিগত
কোনও মুহূর্ত তিনি আর ভাগ করে নেবেন না সমাজ মাধ্যমে। এখন থেকে তাঁর গানের অনুষ্ঠানের প্রচার শুধুমাত্র তাঁর অফিসিয়াল পেজের লোকেরাই করবে।
