নিউজ পোল ব্যুরো: আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। গত রবিবারেই প্রার্থী ঘোষণা করেছে NDA। ৯ সেপ্টেম্বরের নির্বাচনের আগে শক্তি ও ঐক্যের বার্তা দিয়ে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে এনডিএ জোটের পক্ষ থেকে নির্বাচন করা প্রার্থী চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণণ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই বড় কাজে সঙ্গে ছিলেন খোদ দেশের প্রধানমন্ত্রী।
উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতিন গড়করি রিটার্নিং অফিসারের কাছে গিয়েছিলেন। সূত্রের খবর, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চার সেট কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রথম সেট নথিপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী ছিলেন প্রধান প্রস্তাবক। মনোনয়ন জমা দেওয়ার আগে উপ-রাষ্ট্রপতি প্রার্থী সংসদ ভবনে প্রেরণা স্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা জানান। তিনি প্রথমে মহাত্মা গান্ধীর বিশাল মূর্তির সামনে প্রণাম করেন এবং তারপরে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: Rekha Gupta: জনশুনানির সভা চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারার অভিযোগ, আটক ব্যক্তি
প্রসঙ্গত, রবিবার এনডিএ-র প্রার্থী হিসেবে শ্রী রাধাকৃষ্ণণকে নির্বাচিত করা হয়েছে। রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দলের সংসদীয় বোর্ডের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শ্রী জেপি নাড্ডা রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেন। চন্দ্রপুরম পোন্নুস্বামী রাধাকৃষ্ণণ আগে সংসদ সদস্য এবং ঝাড়খণ্ড ও তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন প্রবীণ বিজেপি নেতা হিসেবে, তিনি কোয়েম্বাটুর থেকে দুবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং এর আগে তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী মোদী তাঁর “নিষ্ঠা, নম্রতা এবং বুদ্ধিমত্তার” প্রশংসা করেছেন এবং তামিলনাড়ুতে তৃণমূল পর্যায়ে তাঁর দীর্ঘস্থায়ী কাজের কথা উল্লেখ করেছেন। মঙ্গলবারেই এনডিএ সংসদীয় দলের বৈঠকে তাঁকে সংবর্ধনা জানানো হয়। এই প্রসঙ্গে উল্লেখ্য উপরাষ্ট্রপতি পদে নির্বাচন NDA প্রার্থী রাধাকৃষ্ণণর বিপক্ষে লড়াই করবেন বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বিচারপতি (অবসরপ্রাপ্ত) বি সুদর্শন রেড্ডি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
