Rekha Gupta: জনশুনানির সভা চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে চড় মারার অভিযোগ, আটক ব্যক্তি

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: ভয়ানক ঘটনা! নিজের বাড়িতেই আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পুলিশ জানিয়েছে, বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তাঁর বাসভবনে জনশুনানির সভা চলাকালীন এক ব্যক্তি চড় মারেন বলে অভিযোগ। প্রাথমিক তথ্য অনুসারে, আক্রমণকারী, যার বয়স প্রায় ৪০ বছর, তার হাতে একটি ব্যাগ ছিল, হঠাৎ তিনি মুখ্যমন্ত্রীর কাছে যান এবং মুখ্যমন্ত্রীকে চড় মারেন।

পুলিশ জানিয়েছে, , ৩০ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তি প্রথমে রেখা গুপ্তার হাতে কিছু কাগজপত্র তুলে দেন, তারপর চিৎকার শুরু করেন এবং পরে তাকে আঘাত করেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে আক্রমণকারীকে ধরে ফেলেন, যিনি জনসভায় অভিযোগকারীর ছদ্মবেশে এসেছিলেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। কেন এই ঘটনা ঘটাল তা জানতেই দিল্লির সিভিল লাইনস থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মুখ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিল্লি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রেখা গুপ্তার বাসভবনে ছুটে যান।

আরও পড়ুন: Amitabh Bachchan: জীবনের শেষ অধ্যায়ে নতুন লড়াই অমিতাভ বচ্চনের

এই প্রসঙ্গে উল্লেখ্য, জনসাধারণের উদ্বেগ দূর করার জন্য, মুখ্যমন্ত্রী প্রতি সপ্তাহে নিজের বাসভবনে ‘জনসুনওয়াই’ (জনশুনানি) সভায় যোগ দেন। সিনিয়র বিজেপি নেতা হরিশ খুরানা বলেছেন, “সভায় উপস্থিত একজন ব্যক্তি মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করেছিলেন। এই মুহূর্তে চিকিৎসকরা মুখ্যমন্ত্রীকে পরীক্ষা করছেন। আমরা এই হামলার নিন্দা জানাই। এই হামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা তদন্ত করা উচিত।” খুরানা বলেন, আক্রমণকারী মুখ্যমন্ত্রীকে চড় মেরে তাঁর চুল টেনে ধরেছে। বিজেপি জানিয়েছে তারা এই হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সন্দেহ করছে। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, প্রতিদ্বন্দ্বীরা মুখ্যমন্ত্রীর কাজকে সহ্য করতে পারছেন না এবং হামলাকারীর পিছনে কে আছে তা খুঁজে বের করার জন্য তদন্ত চলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole