Weather Update: পুজোর মরসুমে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপ

আবহাওয়া কলকাতা

পুজোর (Weather Update ) মরসুমে দক্ষিণবঙ্গে যেন বৃষ্টির বিরাম নেই। কলকাতা সহ জেলায় জেলায় চলছে টানা বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী কলকাতায় (Rainfall in Kolkata) ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, এর সঙ্গে মাঝেমাঝে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে (Bay of Bengal) নতুন করে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় (Rainfall in South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার একাধিক অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm) হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Wind Speed) বইতে পারে।

শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে বিশেষ কোনও আবহাওয়া সতর্কতা (Weather Alert) জারি করা হয়নি।

সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে পূর্বাভাস। মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতি আরও উদ্বেগজনক। আগামী কয়েক দিনে একাধিক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। রবিবার ও মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ চলবে। সোমবার দার্জিলিং ও কালিম্পঙেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর দিনে বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হলেও, কৃষকদের জন্য এই বৃষ্টি আংশিক স্বস্তি বয়ে আনতে পারে বলে বিশেষজ্ঞদের মত।