CAFA Nations Cup: ভারতের জন্য ধাক্কা, চোটে খরচ নিয়ে চিন্তায় সন্দেশ ঝিঙ্গান

ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: কাফা নেশনস কাপের দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ০-৩ গোলে পরাজয়ের পর আরও বড় ধাক্কা ভারতের। চোটের কারণে ভারতের তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন। ৩২ বছর বয়সী সন্দেশের চোট ভারতের জন্য একটি বড় ধাক্কা। বৃহস্পতিবার গ্রুপ বি -এর তৃতীয় এবং শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

আয়োজক তাজিকিস্তানকে হারিয়ে ভারত বর্তমানে চার দলের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। এর পরে, তারা এশিয়ান জায়ান্ট এবং বিশ্বের ২০ নম্বর দল ইরানের কাছে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের উপর ভারতের অগ্রগতির আশা রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন X -তে লিখেছে, ‘ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান কাফা নেশনস কাপে (CAFA Nations Cup) -এ ইরানের বিপক্ষে ভারতের ম্যাচের সময় চোট পেয়েছিলেন। বুধবারই তিনি ভারতে ফিরে আসছেন।

সুস্থ হয়ে মাঠে ফিরতে ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে। চোট উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন তিনি। তবে সন্দেশের চিকিৎসার খরচ দেবে না এআইএফএফ। ছয় মাস থেকে এক বছর চিকিৎসা চললে খরচের পরিমাণ হবে বিপুল। যেহেতু কাফা নেশনস কাপ টুর্নামেন্ট ফিফা উইন্ডোর মধ্যে পড়ছে না, সেই কারণে সন্দেশের চিকিৎসার খরচ দেবে না ফেডারেশন। দেশের হয়ে খেলতে গিয়ে চোট লাগলে সেই চিকিৎসার অর্থ ব্যয় করবে না এফসি গোয়া ক্লাবও। অন্যদিকে সন্দেশের চোটে এফসি গোয়ারও বড় ক্ষতি। আগামী ১৭ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরাকের ক্লাব আল জওরার মুখোমুখি হবে এফসি গোয়া। এএফসির প্রথম ম্যাচে নামতে পারবেন না তিনি।