নিউজ পোল ব্যুরো: নবরাত্রির আগেই দেশবাসীর জন্য এল সুখবর। দীপাবলির আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দেওয়া আশ্বাস অনুযায়ী, জিএসটি (GST) কাউন্সিল আনল এক ঐতিহাসিক রদবদল। ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলেছে নতুন জিএসটি (GST) কাঠামো, যেখানে একধাক্কায় সস্তা হচ্ছে একঝাঁক নিত্যপ্রয়োজনীয় ও ঘরোয়া পণ্য। সরকারের দাবি, এই সিদ্ধান্ত মধ্যবিত্ত ও কৃষিজীবীদের কাঁধের বোঝা অনেকটাই হালকা করবে।
আরও পড়ুন: Mamata Banerjee : করম পুজোয় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, আদিবাসী ঐতিহ্যের মর্যাদা ফের স্মরণে
নতুন গঠন অনুযায়ী, ১৮ ও ১২ শতাংশ জিএসটি (GST) কমে ৫ শতাংশে নামানো হয়েছে তেল, ঘি, মাখন, চিজ, বিস্কুট, নুডলস, চানাচুর, নিমকি, পাস্তা, সস ইত্যাদিতে। অর্থাৎ এই সমস্ত খাদ্যপণ্যের দাম এবার চোখে পড়ার মতো কমবে। রুটি, পনির, দুধের মতো কিছু জিনিসে তো একেবারেই জিএসটি থাকছে না!
শুধু খাবারেই নয়, দৈনন্দিন ব্যবহারের সাবান, শ্যাম্পু, ব্রাশ, শেভিং ক্রিমের মতো জিনিসেও জিএসটি কমে দাঁড়াচ্ছে মাত্র ৫ শতাংশ। পকেট বাঁচবে আরও। বাসন, সেলাই মেশিন, ট্র্যাক্টর, কীটনাশক ও অন্যান্য কৃষিপণ্যের দাম কমার জেরে ফল ও সবজির দামও হতে পারে হাতের নাগালে।
স্বাস্থ্যবিমা (Health insurance) ও জীবনবিমার (Life insurance) ওপর জিএসটি সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে। ৩৩টি জীবনদায়ী ওষুধেও জিএসটি এখন শূন্য। চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত থার্মোমিটার, অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার, চশমার দামও কমবে। পড়ুয়াদের জন্য বিশেষ সুবিধা ম্যাপ, খাতা, পেনসিল, রবারে জিএসটি একেবারেই লাগবে না। তবে সবকিছুতেই ছাড় নেই। কোল্ড ড্রিঙ্কস, গুটখা, সিগারেট, পানমশলা, দামি গাড়ি, ৩৫০ সিসির বেশি বাইক, হেলিকপ্টার, প্রাইভেট প্লেন, ইয়টের উপর জিএসটি ৪০ শতাংশ করা হয়েছে। সব মিলিয়ে, উৎসবের আগে সরকারের এই পদক্ষেপ মধ্যবিত্তের মনে এনে দিয়েছে স্বস্তির হাওয়া ও সাশ্রয়ের উল্লাস!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
