মুখ্যমন্ত্রীর সভার কাছে সন্দেহজনক কালো গাড়ি! আর্থ মুভার এনে সরাল পুলিশ, বাড়ল নিরাপত্তা

রাজ্য

নিউজপোল ব্যুরো:   চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন ঘিরে শুক্রবার সকাল থেকেই সাজো সাজো রব। পুজোর সূচনা করতে সেখানে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর সফরকে কেন্দ্র করে মেরি মাঠ-সহ সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু সেই কড়া নিরাপত্তার মধ্যেই সভাস্থলের কাছে একটি কালো চারচাকা গাড়িকে ঘিরে তৈরি হল চাঞ্চল্য। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা গাড়িটি সরাতে শেষপর্যন্ত নামাতে হল আর্থ মুভার।

প্রশাসন সূত্রে খবর, মেরি মাঠে মুখ্যমন্ত্রীর সভার অদূরে বেশ কিছুক্ষণ ধরে পার্ক করা ছিল গাড়িটি। নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশের তরফে বারবার মাইকিং করে গাড়িটি সরানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু একাধিকবার সতর্ক করা সত্ত্বেও গাড়িটি সরানো হয়নি। এরপরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন প্রশাসনের আধিকারিকরা।

গাড়িটির মালিক বা চালক কে, কিংবা কী কারণে সেটি সেখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর সভাস্থল ও আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল কি না, তা এখনও জানা যায়নি।