বড় ঘোষণা নির্বাচন কমিশনের! ২০২৭ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হবে বাংলার চূড়ান্ত ভোটার তালিকা

রাজ্য

নিউজপোল ব্যুরো: নতুন বছরে বাংলার ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ খবর। ভোটার তালিকা নিয়ে নিজেদের কর্মসূচি ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২০২৭ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত হবে পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে তালিকায় নাম তোলা থেকে শুরু করে ভুল তথ্য সংশোধন, সবকিছুর জন্যই মিলবে নির্দিষ্ট সময়। ফলে যাঁদের নাম এখনও ভোটার তালিকায় নেই, তাঁদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ।

কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর প্রথমে প্রকাশ করা হবে খসড়া তালিকা। সেখানে নিজের নাম ও অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারবেন ভোটাররা। কোনও ভুল থাকলে কিংবা নাম বাদ পড়লে ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন বা আপত্তি জানানোর সুযোগ থাকবে। এরপর ২৮ ডিসেম্বরের মধ্যে সমস্ত দাবি ও আপত্তির নিষ্পত্তি করা হবে।

এই কাজের সুবিধার্থে বিভিন্ন ভোটকেন্দ্রে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। সেখানে বুথ লেভেল অফিসারদের (BLO) সাহায্যে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করা কিংবা পুরনো তথ্য সংশোধন করা যাবে।

এবার ভোটারদের ঠিকানা ও ছবির নির্ভুলতার উপরেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন। একই পরিবারের সদস্যদের একই বুথে রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি মৃত ও স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম নিয়ম মেনে বাদ দেওয়া হবে।

২০২৭ সালের ১ জানুয়ারি যাঁদের ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও ভোটার তালিকায় নাম তুলতে পারবেন।