নিউজপোল ব্যুরো: জগদ্ধাত্রী পুজোর ঐতিহ্য আর আবেগে—চন্দননগর সেজে উঠেছে উৎসবের রঙে। দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর উপস্থিতিকে ঘিরে পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ।
দিনের শুরুতেই লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির প্রাচীন আদিমা জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শঙ্খধ্বনি ও ফুলের বৃষ্টিতে তাঁকে স্বাগত জানান উদ্যোক্তারা। এরপর মানকুন্ডু সার্কাস ময়দানে পুজোর উদ্বোধন সেরে পৌঁছন চন্দননগরের মেরি মাঠে। সেখানে ১৮০টি বারোয়ারি পুজোর সুবিধার্থে প্রকাশ করা হয় গাইড ম্যাপ। দর্শনার্থীদের পথ দেখাতে চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপও।
তবে চন্দননগরের আদিমা পুজোর আকর্ষণ শুধু আয়োজনেই সীমাবদ্ধ নয়। প্রায় সাড়ে তিনশো বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে এই আরাধনায়। কথিত আছে, ইন্দ্রনারায়ণ চৌধুরীর হাত ধরেই পুজোর সূচনা। দেবীর সাজে থাকে বিপুল মূল্যবান অলঙ্কার। প্রায় এক কেজি সোনা, দশ কেজি রুপো এবং হিরের গয়নায় সজ্জিত হন মা।
এই পুজোয় বিশেষত্ব হল পুজোর ভোগ, শাড়ি ও ফল দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হয়। ঐতিহ্য ও মেলবন্ধনই চন্দননগরের আদিমা পুজোকে আজও অনন্য করে রেখেছে।
