তৃণমূল কংগ্রেসের অন্দরের কোন্দল নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) নিশানা করে তাঁর দাবি, শোভনদেবের কারণেই তৃণমূলে ভাঙন তৈরি হয়েছে। একইসঙ্গে বিরোধী দলনেতা নির্বাচনের সময় বিধায়কদের সই জাল করারও অভিযোগ তোলেন তিনি।
মদনের বক্তব্য, বিরোধী দলনেতা হওয়ার জন্য শোভনদেবের নামে যে প্রস্তাব বিধানসভায় জমা দেওয়া হয়েছিল, সেখানে একাধিক বিধায়কের সই নিয়ে প্রশ্ন উঠেছিল। পুরনো স্বাক্ষরের সঙ্গে কয়েকজন বিধায়কের সই না মেলার অভিযোগও সামনে এসেছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই দলের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করে বলে দাবি তাঁর।
শোভনদেবকে ‘ক্ষমতালোভী’ বলেও আক্রমণ করেন মদন। তাঁর প্রশ্ন, এমন পরিস্থিতি তৈরি হওয়ার পরও কেন বিষয়টি মেনে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আবেগঘন সুরে মদন বলেন, ‘‘কেন সহ্য করলেন? কী হল তৃণমূলটার?’’
পাশাপাশি পুরো ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি। মদনের দাবি, তদন্ত হলে সই সংক্রান্ত অভিযোগ থেকে শুরু করে তৃণমূলের বর্তমান বিভাজনের নেপথ্যের সমস্ত তথ্য সামনে চলে আসবে।
এদিকে এই মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরের রাজনৈতিক টানাপোড়েন আরও প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
