ARRESTED SAHIDUL SEKH: ভিনরাজ্য থেকে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখ

জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  উত্তর ২৪ পরগনার হাসনাবাদে একাধিক অভিযোগে অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান শহিদুল শেখকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া ছিলেন তিনি। গোপন সূত্রে তাঁর অবস্থান জানতে পেরে হাসনাবাদ থানার পুলিশ ও SOG যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতের উপপ্রধান শহিদুল শেখের বিরুদ্ধে হাসনাবাদ থানায় একাধিক অভিযোগ রয়েছে। গত ১৮ মে বায়লানি বাজারের ব্যবসায়ী নিতাই দাসকে মারধরের অভিযোগ ওঠে তাঁর ও তাঁর দলবলের বিরুদ্ধে। একই রাতে নিমাই দাসের দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। আগুনে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায় বলে অভিযোগ। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

আরও দেখুন:-টেকনিশিয়ান থেকে সোজা ডাক্তার! ভুয়ো এমবিবিএস সার্টিফিকেটে বাংলায় চিকিৎসা, হদিশ ৫ জনের

এর পাশাপাশি পঞ্চায়েতের টাকা তছরূপ, আবাসন পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া, ভোটের সময় বিরোধীদের মারধর, বোমাবাজি এবং হুমকি দেওয়ার মতো একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

১৮ মে-র পর থেকেই শহিদুল শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ভিনরাজ্যে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার তাঁকে হাসনাবাদ থানায় আনার কথা। সোমবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে তাঁকে।