নিউজপোল ব্যুরো: নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় পাশ না করেও চিকিৎসক পেশায় যুক্ত থাকার অভিযোগ। রাজ্যে এমন পাঁচজন ব্যক্তির তথ্য উঠে এসেছে যাঁরা ভুয়ো এমবিবিএস শংসাপত্র ব্যবহার করে চিকিৎসা করছেন। তাঁদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে অস্ত্রোপচারের অভিযোগও রয়েছে।
অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের অভিযোগ, অভিযুক্তরা বিহার মেডিক্যাল কাউন্সিলের নামে তৈরি ভুয়ো নথি ব্যবহার করে এমবিবিএসের শংসাপত্র সংগ্রহ করেছিলেন। পরে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন নম্বর নিয়েও চিকিৎসা করার অনুমতি পান বলে দাবি সংগঠনের। পাঁচ জনের মধ্যে তিন জন সরকারি চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন। বাকি দু’জন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা করছিলেন বলে দাবি।
আরও দেখুন: বিয়ার, দেশি না বিদেশি মদ—কোনটায় কত বাড়বে দাম? ১ অক্টোবর থেকে নতুন নিয়ম
সংগঠনের সম্পাদক রাজীব পাণ্ডের বক্তব্য, জেলা পরিদর্শনের সময় একাধিক অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হয়। বিহারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, অভিযুক্ত কয়েক জনের নামে কোনও রেজিস্ট্রেশনই নেই।
এক অভিযুক্ত পূর্ব বর্ধমানের একাধিক নার্সিংহোমে অস্ত্রোপচার করতেন বলেও অভিযোগ। বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানিয়ে তদন্ত ও কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে সংগঠন। তবে এখনও স্বাস্থ্য দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
