নিউজপোল ব্যুরো: তৃণমূলের অন্দরে কি নতুন সমীকরণ তৈরি হচ্ছে? রাজনৈতিক মহলে এখন ঘুরছে এই প্রশ্নই। কারণ, দীর্ঘদিন ধরে দল ও নেতৃত্বের হয়ে আদালতে লড়াই করা আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মামলাও ভবিষ্যতে তিনি লড়বেন না বলেছেন।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু একজন সাংসদ নন, তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ আইনি মুখ হিসেবেও পরিচিত। তিন দশকেরও বেশি সময় ধরে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেছেন তিনি। বিরোধী আন্দোলনের সময় থেকে শুরু করে রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসার পরও একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দলের হয়ে আদালতে সওয়াল করেছেন।
সিঙ্গুর, নন্দীগ্রাম, রিজওয়ানুর রহমান মামলা কিংবা ছোট আঙারিয়া— বহু আলোচিত মামলায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল। রাজনৈতিক ও আইনি চাপের মুহূর্তে বারবার দল এবং সরকারের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাঁকে। তাই হঠাৎ তাঁর এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা ও কৌতূহল মানুষের মনে । বিশেষ করে কয়েকদিন আগেও প্রকাশ্যে দল ও নেতৃত্বের প্রতি তাঁর সমর্থনের বার্তা শোনা গিয়েছিল। এমন পরিস্থিতিতে আচমকা সমস্ত মামলা থেকে সরে দাঁড়ানো স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও এই সিদ্ধান্তের কারণ নিয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
একাংশের মতে, এই ঘটনা শুধুই কি আইনি সিদ্ধান্ত, নাকি দলের অন্দরে কোনও নতুন ভাঙ্গনের ইঙ্গিত— তা আগামী দিনেই স্পষ্ট হবে। এখন নজর, তৃণমূলের অন্যতম ভরসাযোগ্য আইনি মুখের এই পদক্ষেপ কি শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে আরও বড় রাজনৈতিক বার্তা?
