নিউজপোল ব্যুরো: জমি দুর্নীতি মামলায় ধৃত সুমিত রায়। তাঁর পুরানো মোবাইল ফোনের খোঁজে তৎপর তদন্তকারী সংস্থা। গত ১৫ সেপ্টেম্বর সুমিত রায়কে সঙ্গে নিয়ে কালীঘাট রোডের তাঁর বাড়িতে যায় সিআইডি। তদন্তকারীদের অনুমান, ওই ফোনে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি থাকতে পারে।কিন্তু সেই ফোনটি কোথায়, সে বিষয়ে স্পষ্ট উত্তর মিলছে না বলেই দাবি সিআইডির।
আজ দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর সেখান থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। তদন্তকারীদের দাবি, সেটি নতুন iPhone 17। তবে সুমিতের আগে ব্যবহৃত ফোনটির কোনও হদিশ এখনও মেলেনি।
আরও দেখুন:-নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতার মনোনয়ন জমা, সঙ্গে অখিল-অষ্টমী
সিআইডি (CID) সূত্রে জানা গিয়েছে, জেরায় সুমিত দাবি করেছেন, পুরনো ফোনটি বাড়িতে তাঁর স্ত্রীর কাছে ছিল। কিন্তু বর্তমানে সেটি কোথায় রয়েছে, তা তিনি জানেন না। ফোনটি হারিয়ে গেলে থানায় অভিযোগ করা হয়েছিল কি না, কিংবা সেটি বিক্রি করা হয়েছে কি না—এমন প্রশ্নেরও সন্তোষজনক উত্তর মেলেনি বলে তদন্তকারীদের দাবি।
এর আগেও ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের সময় সুমিত ফোন সঙ্গে নিয়ে যেতেন না বলে CID সূত্রে খবর। ফলে পুরনো ফোনটি ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ফোনটির সন্ধানে সুমিতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
