নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতার মনোনয়ন জমা, সঙ্গে অখিল-অষ্টমী

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বুধবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অখিল গিরি এবং নন্দীগ্রামের তৃণমূল নেত্রী অষ্টমী গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক।

নির্ধারিত প্রক্রিয়া মেনেই মহকুমা শাসকের দফতরে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দেন সঞ্চিতা। তাঁকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়। মনোনয়ন জমাকে কেন্দ্র করে এলাকায় তৃণমূলের সাংগঠনিক তৎপরতাও নজরে পড়ে।

আরও দেখুন:-মোদির সঙ্গে সাক্ষাতের পরেই জমি ছাড়লেন নরেন্দ্র মেহতা, ফিরল ৮১ বছরের বৃদ্ধের সম্পত্তি

মনোনয়ন জমা দেওয়ার পর অখিল গিরি জানান, তাঁরা শান্তিপূর্ণ নির্বাচন চান। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, প্রশাসনের কাছে সেই আবেদন জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে বলেন, নির্বাচনী লড়াই কঠিন হলেও তিনি শান্তিপূর্ণভাবেই মানুষের কাছে যেতে চান। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচনের পরিবেশ যাতে শান্ত থাকে, সেটাই তাঁর লক্ষ্য বলে জানান তিনি।

নন্দীগ্রাম উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রচার ও সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী দিনে এই রাজনৈতিক লড়াই আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।