UPI RULES UPDATE: বদল এসেছে UPI-তে, কিন্তু বদলটা ঠিক কোথায়? টাকা পাঠানো থেকে দোকানে পেমেন্ট, দেখে নিন কি কি বদল থাকছে!

breakingnews অফবিট আন্তর্জাতিক

নিউজপোল ব্যুরো: UPI-তে বড় বদলের খবর সামনে আসতেই দেশজুড়ে শুরু হয়েছিল নানা জল্পনা। এবার সেই বিভ্রান্তির অবসান! নতুন নিয়মে কোথায় চার্জ লাগবে, কে সেই টাকা দেবে আর সাধারণ মানুষের UPI ব্যবহারে আদৌ কতটা প্রভাব পড়বে—তা নিয়ে স্পষ্ট ছবি সামনে এসেছে। নতুন Merchant Discount Rate বা MDR কাঠামো অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ থেকে নির্দিষ্ট P2M বা Person-to-Merchant UPI লেনদেনে নতুন নিয়ম কার্যকর হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সাধারণ মানুষ থেকে মানুষে টাকা পাঠানোর অর্থাৎ P2P লেনদেনে কোনও MDR বসছে না। টাকার পরিমাণ যতই হোক, এই ধরনের UPI ট্রান্সফার বিনামূল্যেই থাকবে। পাশাপাশি ₹২,০০০ পর্যন্ত P2M পেমেন্টও MDR-এর আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ ছোটখাটো দোকানের পেমেন্ট বা দৈনন্দিন লেনদেনে নতুন চার্জ নিয়ে গ্রাহকদের চিন্তার কারণ নেই।

তাহলে বদলটা কোথায়? নতুন কাঠামো অনুযায়ী, ₹২,০০০-এর বেশি নির্দিষ্ট P2M লেনদেনে ০.৪ শতাংশ MDR ধার্য হবে। তবে এই টাকা গ্রাহকের কাছ থেকে নেওয়ার কথা নয়; এটি মার্চেন্ট-পেমেন্ট ইকোসিস্টেমের মধ্যে প্রযোজ্য হবে। অর্থাৎ কোনও গ্রাহক দোকানে ₹৫,০০০-এর পণ্য কিনে UPI-তে পেমেন্ট করলে তাঁর অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ₹২০ কেটে নেওয়ার কথা নয়। হিসাবটা সহজ করে দেখলে, ₹২,৫০০-এর লেনদেনে ০.৪ শতাংশ MDR হলে পরিমাণ দাঁড়ায় ₹১০। ₹৫,০০০-এ ₹২০, ₹১০,০০০-এ ₹৪০ এবং ₹২৫,০০০-এ ₹১০০। তবে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে রয়েছে সর্বোচ্চ সীমা। ₹৭৫,০০০ বা তার বেশি লেনদেনে MDR সর্বাধিক ₹৩০০-তেই আটকে থাকবে।

ছোট ব্যবসায়ীদের জন্যও রাখা হয়েছে বিশেষ ছাড়। UPI QR-এর মাধ্যমে মাসে ₹১ লাখের কম গ্রহণ করা ছোট মার্চেন্টদের ক্ষেত্রে MDR থেকে অব্যাহতি বজায় থাকবে। ফলে নতুন কাঠামোর প্রভাব মূলত নির্দিষ্ট বড় বা বেশি-মূল্যের মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রেই পড়বে। এখানেই শেষ নয়। রেল, টেলিকম, বিমা, জ্বালানি ও কৃষি-ইনপুটের মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ₹২,০০০-এর বেশি লেনদেনে আলাদা করে প্রতি ট্রানজাকশনে ₹৫-এর ফ্ল্যাট MDR রাখা হয়েছে। আবার ক্যাপিটাল মার্কেট-সংক্রান্ত কিছু পেমেন্টে ০.০২ শতাংশ MDR, সর্বোচ্চ ₹৩০০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।