মোদির সঙ্গে সাক্ষাতের পরেই জমি ছাড়লেন নরেন্দ্র মেহতা, ফিরল ৮১ বছরের বৃদ্ধের সম্পত্তি

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই দীর্ঘদিনের জমি -বিতর্কে বড় মোড়। মহারাষ্ট্রের মীরা-ভায়ান্ডারের বিজেপি বিধায়ক নরেন্দ্র মেহতা দখলকৃত জমি ছাড়ার কথা জানিয়েছেন। পাশাপাশি ওই জমিতে নির্মাণের অনুমতিও ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই জমির দাবিদার ৮১ বছরের আসগর আলি ভোরা। তিনি গুজরাটের ভাদনগরের বিএন স্কুলে প্রধানমন্ত্রী মোদির সহপাঠী ছিলেন। গত ৮ সেপ্টেম্বর মোদির সঙ্গে দেখা করে ভায়ান্ডার পূর্বের প্রায় ২,৮১০ বর্গমিটার জমি নিয়ে অভিযোগ জানান ভোরা। তাঁর দাবি, ১৯৮৯ সালে জমিটি কেনার পর তিনি কখনও তা বিক্রি বা হস্তান্তর করেননি। পরবর্তীতে জাল নথির মাধ্যমে জমিটি দখলের অভিযোগও তোলেন তিনি।

আরও দেখুন:-চোখে ক্ষতচিহ্ন, অভিষেকের রহস্যময় পোস্ট ঘিরে চর্চা

ভোরা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিও জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, স্থানীয় প্রশাসন, রাজস্ব ও পুলিশকে জানানো সত্ত্বেও দীর্ঘদিন কোনও কার্যকর পদক্ষেপ হয়নি। ২০১৫ সালে এ নিয়ে এফআইআর দায়েরের কথাও তিনি জানিয়েছেন।

মোদির সঙ্গে সাক্ষাতের পরই বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা বাড়ে। এরপর মঙ্গলবার মেহতা দখল ছাড়ার পাশাপাশি ভোরার বিরুদ্ধে করা পুলিশ অভিযোগ প্রত্যাহারের কথাও জানান। ফলে প্রায় দীর্ঘদিনের এই জমি-বিতর্ক আপাতত সমাধানের পথে এগিয়েছে।