নিউজ পোল ব্যুরো: ভোটগ্রহণ শেষ হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি ও সংঘর্ষের খবর সামনে আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
একটি ভিডিও বার্তায় মমতা (Mamata Banerjee) ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রচণ্ড গরম, দীর্ঘ লাইন এবং নানা প্রতিবন্ধকতার মধ্যেও মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভোটপ্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষের পাশাপাশি দলীয় কর্মীদেরও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর দাবি, নানা চাপ ও বাধা সত্ত্বেও তৃণমূলের কর্মীরা লড়াই চালিয়ে গিয়েছেন।
আরও পড়ুন:CPIM : ভোট শেষে হিসাব কষছে সিপিএম, হারানো ভোট ফেরাতে মরিয়া বাম শিবির
বুথ ফেরত সমীক্ষা প্রসঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্টভাবে জানান, টেলিভিশনে প্রকাশিত অধিকাংশ সমীক্ষা বাস্তব চিত্র তুলে ধরছে না। তাঁর অভিযোগ, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। তবে বাংলার মানুষের রায়ের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। তিনি দাবি করেন, আসন্ন ফলাফলে তৃণমূল ২২৬টির বেশি আসন পাবে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসনের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় ভোটার ও দলীয় কর্মীদের সঙ্গে অসদাচরণ করা হয়েছে। কিছু এলাকায় দলীয় প্রতিনিধিদের বাধা দেওয়া এবং গ্রেফতারের অভিযোগও তোলেন তিনি। তবুও কর্মীরা দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেন।
৪ মে ভোটগণনার আগে দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেন, স্ট্রং রুম থেকে গণনাকেন্দ্র পর্যন্ত প্রতিটি ধাপ নজরে রাখতে হবে। গণনা শেষ না হওয়া পর্যন্ত কোনওরকম অসাবধানতা করা যাবে না। এছাড়া ভোট-পরবর্তী সংঘর্ষের ঘটনায় কর্মীদের আইন নিজের হাতে না নেওয়ার বার্তাও দেন তিনি। তাঁর বক্তব্য, পরিস্থিতির মোকাবিলা আইনিভাবেই করা হবে। শান্তি বজায় রেখে মানুষের রায়ের অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
