নিউজ পোল ব্যুরো: নদিয়ার কালীগঞ্জে (Kaliganj) সিপিএমের (CPIM) অন্দরেই প্রার্থী নির্বাচন ঘিরে তীব্র অশান্তির ছবি সামনে এল। প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগের আঙুল উঠছে দলেরই একাংশ কর্মীদের দিকে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জে (Kaliganj), যা ইতিমধ্যেই রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। দল সূত্রে খবর, আসন্ন নির্বাচনের জন্য সিপিএম (CPIM) যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে কালীগঞ্জ (Kaliganj) কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সাবিনা ইয়াসমিনকে (Sabina Yasmin)। তিনি সেই ছোট্ট তমন্নার মা, যার মৃত্যু ২০২৫ সালের কালীগঞ্জ (CPIM) উপনির্বাচনের সময় বোমা বিস্ফোরণে হয়েছিল। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছিল গোটা রাজ্যে।
আরও পড়ুন : WB Election 2026: ভোটের আগে ফের পুলিশের শীর্ষস্তরে বড় রদবদল, ১২ এসপি সহ ডিসি বদল করল কমিশন
প্রসঙ্গত, উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই ৯ বছরের তমন্নার মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই সুবিচারের দাবিতে সরব হন তার মা সাবিনা। বিভিন্ন সময়ে পথে নেমে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে গিয়েছেন তিনি। সেই প্রেক্ষাপটে তাকে প্রার্থী করে রাজনৈতিকভাবে বড় বার্তা দিতে চেয়েছিল সিপিএম (CPIM)। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose) ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সেই সময় তিনি বলেন, “কালীগঞ্জে প্রার্থী হচ্ছেন এক শহিদ কন্যার মা, সাবিনা ইয়াসমিন।” এই ঘোষণার পরই রাজনৈতিক মহলে চর্চা শুরু (Kaliganj)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
তবে দলের এই সিদ্ধান্তকে ভালভাবে নেননি স্থানীয় সিপিএম (CPIM) কর্মীদের একাংশ। অভিযোগ, প্রার্থী ঘোষণার পর থেকেই ক্ষোভ জমতে থাকে। মঙ্গলবার সেই ক্ষোভই বিস্ফোরিত হয়, যখন কিছু কর্মী দলীয় অফিসে ভাঙচুর চালান। তাদের দাবি, অবিলম্বে প্রার্থী বদল করতে হবে এবং স্থানীয়ভাবে গ্রহণযোগ্য কাউকে টিকিট দিতে হবে। যদিও এই ঘটনাকে বড় করে দেখতে নারাজ দলীয় নেতৃত্ব। সিপিএমের (CPIM) জেলা কমিটির সদস্য এস এম সাদি জানান, “বড় কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে প্রার্থী নিয়ে কিছু ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। তা দলীয় স্তরেই মিটিয়ে নেওয়া হবে।” ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে, যা আসন্ন নির্বাচনের আগে সিপিএমের (CPIM) জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
