নিউজ পোল ব্যুরো: রাজ্য বাজেটকে সম্পূর্ণভাবে ‘পিপল–ফার্স্ট’ বা মানুষের অগ্রাধিকারভিত্তিক বাজেট বলে ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশের পর রাতে নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে পোস্ট করে তিনি জানান, এই বাজেট দূরদর্শিতা, সহানুভূতি এবং সার্বিক উন্নয়নের স্পষ্ট দিশা দেখিয়েছে।
আরও পড়ুন: Purulia: প্রখর গ্রীষ্মে পুরুলিয়ায়, জলসংকট রোধে জেলা প্রশাসনের সামার ওয়াটার সাপ্লাই প্ল্যান
প্রসঙ্গত, মাত্র চার দিন আগেই কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় পশ্চিমবঙ্গের নাম কার্যত উল্লেখ না করায় কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই কেন্দ্র বাজেটে বাংলাকে গুরুত্ব দেয়নি। সেই তুলনায় রাজ্য বাজেটে একাধিক জনকল্যাণমূলক ঘোষণা থাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জানান তিনি।
অভিষেক (Abhishek Banerjee) বিশেষভাবে উল্লেখ করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি এবং কৃষকদের জন্য ঘোষিত সুবিধাগুলির কথা। তাঁর মতে, ভূমিহীন কৃষকদের জন্য বছরে চার হাজার টাকা বরাদ্দ একটি সুদূরপ্রসারী সিদ্ধান্ত, যা সরাসরি তৃণমূল স্তরের সমস্যার সমাধানে সহায়ক হবে। পাশাপাশি সরকারি টিউবওয়েল ও আরএলআই প্রকল্পের আওতায় সেচে সম্পূর্ণ ছাড় দেওয়ার ফলে ছোট ও প্রান্তিক কৃষকদের সুবিধা হবে এবং গ্রামীণ অর্থনীতির ভিত আরও মজবুত হবে বলে তিনি মনে করেন। অভিষেক (Abhishek Banerjee) স্মরণ করিয়ে দেন, ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনের সময় থেকেই তৃণমূল কংগ্রেস ধারাবাহিকভাবে কৃষকদের পাশে দাঁড়িয়ে এসেছে।
যুবসমাজের কথা মাথায় রেখে ‘যুবসাথী’ প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি তরুণ–তরুণীদের পাঁচ বছর ধরে প্রতি মাসে ১৫০০ টাকা দেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘ল্যান্ডমার্ক’ পদক্ষেপ বলে উল্লেখ করেন। তাঁর মতে, এতে যুবসমাজ স্বনির্ভর হওয়ার পথে আরও উৎসাহ পাবে। পাশাপাশি আশা ও আইসিডিএস কর্মী, প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের ভাতা বৃদ্ধিকে সমাজের গুরুত্বপূর্ণ কর্মীদের প্রতি প্রাপ্য স্বীকৃতি বলেও ব্যাখ্যা করেন তিনি।
মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে অভিষেকের মত। ভাতা বৃদ্ধির ফলে সাধারণ শ্রেণির মহিলারা এখন মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা ১৭০০ টাকা করে পাবেন। তাঁর কথায়, এই বাজেট স্বনির্ভর বাংলা গড়ার পথে আশার আলো দেখাবে, মানুষের আত্মবিশ্বাস বাড়াবে এবং সত্যিকার অর্থেই মানুষের জন্য পেশ করা একটি শক্তিশালী বাজেট হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
