প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে আইনি নোটিশ বিজেপি নেত্রীর, ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে টাকিতে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। টাকি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ব্যানার্জি। তাঁর অভিযোগ, ওই অডিওতে তাঁকে নিয়ে বিভিন্ন আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করা হয়েছে। এর জেরে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তির পাশাপাশি দলেরও বদনাম হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

প্রিয়াঙ্কার অভিযোগ, প্রদ্যুৎ দাস বর্তমানে এলাকা ছেড়ে রয়েছেন। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করতে গিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে স্থানীয় মানুষের কাছে তাঁর নামে নানা ধরনের কথা ছড়াচ্ছেন। সেই বক্তব্যের একটি অডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি বিজেপি নেত্রীর।

আরও দেখুন :-দেড়শো বছরের ইতিহাসে নতুন অধ্যায়, সংস্কার হচ্ছে চন্দননগরের রেজিস্ট্রি ভবন

এই পরিস্থিতিতে আইনি নোটিশ পাঠিয়ে প্রদ্যুৎ দাসের কাছে তাঁর বিরুদ্ধে করা অভিযোগের প্রমাণ চেয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর বক্তব্য, অভিযোগগুলির সত্যতা থাকলে তা উপযুক্ত প্রমাণ-সহ আদালতে তুলে ধরতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে মানহানির মামলা-সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।

যদিও প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে তাঁর বক্তব্য পাওয়া গেলে এই বিষয়ে আরও স্পষ্টতা মিলবে।