নিউজপোল ব্যুরো: দীর্ঘদিনের অবহেলা ও জীর্ণদশা কাটিয়ে নতুন রূপ পেতে চলেছে চন্দননগরের ঐতিহাসিক রেজিস্ট্রি ভবন। প্রায় দেড়শো বছরের ইতিহাস বহনকারী এই ভবনের সংস্কারকাজের আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত। তাঁকে ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব চন্দননগরজুড়ে। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে স্ট্র্যান্ড চত্বর।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জলপথে রানীঘাটে পৌঁছবেন ফরাসি রাষ্ট্রদূত। সেখান থেকে তাঁর প্রথম গন্তব্য হবে রানীঘাটের উল্টোদিকের ঐতিহাসিক রেজিস্ট্রি ভবন। সংস্কারকাজের সূচনাকে কেন্দ্র করে ভবনের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ। এরপর স্ট্র্যান্ড রোড ধরে তিনি যাবেন একটি মিশনারি স্কুলে। সেখানে ভারত ও ফ্রান্সের সাংস্কৃতিক মেলবন্ধনের বিশেষ অনুষ্ঠান হবে।
আরও দেখুন :-আড়াই মাস ধরে নিখোঁজ ৪, জঙ্গল থেকে মিলল ৪ কঙ্কাল! রহস্য ঘিরে তদন্তে পুলিশ
১৮৭৫ সালে ফরাসি প্রশাসনের উদ্যোগে নির্মিত এই ভবনে জমি-জায়গা ও বিয়ের রেজিস্ট্রির পাশাপাশি আদালতের কাজও চলত। ফরাসি আমলে এখানে টাকা লেনদেনের ব্যবস্থাও ছিল। ভবনটির নির্মাণশৈলীতে আজও স্পষ্ট ফরাসি স্থাপত্যের ছাপ।
২০১৭ সালে রাজ্যের হেরিটেজ দফতর ভবনটিকে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দেয়। এবার ফ্রান্সের প্রযুক্তিগত সহায়তায় শুরু হচ্ছে তার সংস্কার। ফলে চন্দননগরের ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণে এটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
