নিউজপোল ব্যুরো: দুর্গাপুরের কাঁকসার শিবপুরের গড় জঙ্গল থেকে একসঙ্গে চারটি কঙ্কাল উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্ধার হওয়া কঙ্কালের মধ্যে একজন শিশু, দু’জন মহিলা এবং একজন পুরুষের কঙ্কাল রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, পূর্ব বর্ধমানের বুদবুদ এলাকার একটি পরিবারের চার সদস্য প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ ছিলেন। উদ্ধার হওয়া কঙ্কালগুলি নিখোঁজ ওই চারজনেরই হতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে ডিএনএ বা অন্যান্য ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়।
আরও দেখুন :-বিশ্ববিদ্যালয়ের PF-এ আর আলাদা নিয়ম নয়, ২১ প্রতিষ্ঠানে এক বিধি আনছে রাজ্য
ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। কীভাবে তাঁদের মৃত্যু হয়েছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চারজন একই পরিবারের হওয়ায় ঘটনাটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন—তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।
কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। নিখোঁজ হওয়ার আগে পরিবারের সদস্যদের গতিবিধি, তাঁদের সঙ্গে কারও বিরোধ ছিল কি না এবং কীভাবে তাঁরা জঙ্গলে পৌঁছলেন—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
