বিশ্ববিদ্যালয়ের PF-এ আর আলাদা নিয়ম নয়, ২১ প্রতিষ্ঠানে এক বিধি আনছে রাজ্য

রাজ্য

নিউজপোল ব্যুরো:  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) পরিচালনায় এবার অভিন্ন আইনি কাঠামো আনতে উদ্যোগী রাজ্য সরকার। এই লক্ষ্যে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লজ (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ কলকাতা গেজেটে প্রকাশিত হয়েছে। ৯ সেপ্টেম্বর প্রকাশিত এই বিলে রাজ্যের ২১টি বিশ্ববিদ্যালয়ের আইনে সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক, আধিকারিক ও কর্মীদের জন্য গঠিত প্রভিডেন্ট ফান্ড পরিচালিত হবে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল নন-গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস অ্যান্ড লোকাল অথরিটিজ (কন্ট্রোল অব প্রভিডেন্ট ফান্ড অব এমপ্লয়িজ) অ্যাক্ট, ১৯৮৩’-এর বিধান অনুযায়ী।

আরও দেখুন :-দোকানের সিল খুলতেই চক্ষু চড়কগাছ! ৬ ঘণ্টার তল্লাশিতে মিলল ৩২ কার্টুন ওষুধ

গৌড়বঙ্গ, প্রেসিডেন্সি, রবীন্দ্রভারতী, কাজী নজরুল, আলিপুরদুয়ার, কন্যাশ্রী-সহ মোট ২১টি বিশ্ববিদ্যালয় এই সংশোধনের আওতায় রয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির আইনে থাকা ‘Provident Fund’ সংক্রান্ত পৃথক বিধান প্রতিস্থাপন করা হবে।

বিলের ‘Statement of Objects and Reasons’-এ বলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে PF পরিচালনায় অভিন্ন বিধান কার্যকর করাই এই সংশোধনের মূল উদ্দেশ্য। বিলটি কার্যকর হলে PF ব্যবস্থাপনায় আইনি সামঞ্জস্য তৈরি হবে। পাশাপাশি, প্রয়োজনীয় বাজেট সংক্রান্ত ব্যবস্থা অর্থ দফতরের সঙ্গে পরামর্শ করেই করা হবে।