নিউজপোল ব্যুরো: একবার সিল পড়েছিল দোকানের দরজায়। সেই সিল খুলতেই ফের শুরু হল দীর্ঘ তল্লাশি। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলল খোঁজ। শেষে দোকানের ভিতর থেকে বেরিয়ে এল একের পর এক ওষুধের কার্টুন। মোট ৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত ঘিরে চাঞ্চল্য ছড়াল স্বরূপনগরের বিথারী বাজারে।
জানা গিয়েছে, গত ৬ আগস্ট বিথারী বাজারের লয়েড মেডিকেল হলে যৌথভাবে তল্লাশি চালায় ড্রাগ কন্ট্রোলার, বিএসএফ এবং স্বরূপনগর থানার পুলিশ। সেই সময় দোকানের মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় প্রশাসনের পক্ষ থেকে দোকানটি সিল করে দেওয়া হয়। পাশাপাশি দোকানে একটি নোটিশও ঝুলিয়ে দেওয়া হয়।
আরও দেখুন:-রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে শুরু, সাড়ে তিনশো বছর পরও জাগ্রত সংগ্রামপুরের মা ভবতারিণী
এরপর বুধবার, দোকান মালিকের উপস্থিতিতে ড্রাগ কন্ট্রোলার অফিসার, বিএসএফ এবং স্বরূপনগর থানার আধিকারিকদের সামনে দোকানের সিল খোলা হয়। শুরু হয় ফের তল্লাশি। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা অভিযানের শেষে দোকান থেকে মোট ৩২ কার্টুন ওষুধ বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ ৬০ হাজার টাকা।
ড্রাগ কন্ট্রোলার অফিসার জানিয়েছেন, বাজেয়াপ্ত ওষুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পরই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
