নিউজপোল ব্যুরো: শনিবারের শুরুতেই মেঘলা আকাশ ভেঙে বঙ্গে নামল শ্রাবণের দফায় দফায় অঝোর বৃষ্টি। কাকভোর থেকেই তিলত্তমা কলকাতা সহ গোটা রাজ্যজুড়ে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। মাঝে কিছুক্ষণ জলকাদায় নাজেহাল শহরবাসীকে কিছুটা রেহাই দিলেও, দিনভর দুর্যোগ কেটে যাওয়ার কোনো লক্ষণই নেই।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দুই বঙ্গেই বজবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো একাধিক জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টির দাপট ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, সঙ্গে দোসর হবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিকে প্রায় ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। এর আগের দিন থেকেই মেঘের ঘনঘটায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটাই কমে পারদ নেমেছিল প্রায় ২৮.৬ ডিগ্রিতে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত প্রায় ৯.৪ মিলিমিটার বৃষ্টির খতিয়ান নথিভুক্ত হয়েছে কলকাতায়। উত্তর ও দক্ষিণ— উভয় বঙ্গেই আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি যেকোনো সময় নামতে পারে মুষলধারে পশলা বৃষ্টি।
