বিধানসভা থেকেই বাগেশ্বর বাবার ছবি পোড়ানো বিক্ষোভকারীদের গ্রেফতারির চরম নির্দেশে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: বিধানসভায় বিল নিয়ে আলোচনা চলছিল। আচমকাই বদলে গেল আলোচনার সুর। বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীকে ঘিরে বিক্ষোভ, তাঁর ছবি পোড়ানো এবং থানায় অভিযোগের প্রসঙ্গ উঠতেই বিধানসভা থেকেই এল কড়া বার্তা। ভবানীপুর থানার সামনে যাঁরা বিক্ষোভ করে ছবি পুড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, এ ধরনের ঘটনা বাংলায় চলতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সময় বক্তৃতা করতে উঠে বাগেশ্বর বাবাকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, লিলুয়ায় এসে বাগেশ্বর বাবা দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারত এবং ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্য নিয়ে কারও আপত্তি থাকতেই পারে, কিন্তু ছবি পুড়িয়ে প্রতিবাদ করা নিয়ে তিনি আপত্তি জানান।

বিধানসভা থেকেই পুলিশ প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। ভবানীপুর থানার সামনে যাঁরা বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছেন, তাঁদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দেওয়ার কথা জানান। একইসঙ্গে তাঁর বক্তব্যে উঠে আসে ‘তুষ্টিকরণের রাজনীতি’-র প্রসঙ্গও। এই ধরনের রাজনীতি নিয়ে বিরোধীদের উদ্দেশে সরাসরি আক্রমণ শানান তিনি।

এদিকে পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ছে। সম্প্রতি লিলুয়ায় বাঙালির আমিষভোজন নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। সেই বক্তব্যের প্রতিবাদে দক্ষিণ ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতারা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থানার সামনেই বিক্ষোভ দেখানো হয়। বাগেশ্বর বাবার মন্তব্যে ধর্মীয় বিভাজন ও সামাজিক অশান্তির আশঙ্কা তৈরি হতে পারে বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।