রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে শুরু, সাড়ে তিনশো বছর পরও জাগ্রত সংগ্রামপুরের মা ভবতারিণী

জেলা

নিউজপোল ব্যুরো: রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে প্রায় সাড়ে তিনশো বছরের প্রাচীন ঐতিহ্য বহন করে আসছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সংগ্রামপুরের মা ভবতারিণীর মন্দির। কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রতিবছরই ইছামতি নদীর পাড়ের এই প্রাচীন মন্দিরে ভক্তদের ঢল নামে। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলা থেকেও বহু দর্শনার্থী মায়ের দর্শনে ছুটে আসেন।

স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশে মা ভবতারিণীর উপস্থিতির কথা জানতে পারেন। এরপর মন্দিরের পিছনে থাকা পুকুর সংলগ্ন এলাকায় দেবীর আনাগোনার আভাস পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই থেকেই ওই স্থানে একচালা মন্দিরে ঘট প্রতিষ্ঠা করে শুরু হয় মা ভবতারিণীর আরাধনা। সময়ের সঙ্গে মন্দিরের পরিকাঠামো বদলালেও প্রাচীন সেই পুজোর রীতি ও আচার আজও অটুট রয়েছে।

আরও দেখুন :-চেম্বুরে প্রায় ২০ বিড়ালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, FIR দায়ের; CCTV-তে অভিযুক্তের খোঁজ

কৌশিকী অমাবস্যায় মায়ের জন্য বিশেষ ভোগ রান্না করা হয়। ইছামতি নদীর কাঠালি চিংড়ি মাছ, কচুর মুখি ও ইচড় দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী ভোগ। পাশাপাশি দই-চিড়ে ও মিষ্টান্নও নিবেদন করা হয় দেবীকে। সন্ধ্যায় পুজো ও ভোগ বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় বিশেষ অনুষ্ঠান।

ভক্তদের বিশ্বাস, মা ভবতারিণীর কাছে নিষ্ঠাভরে প্রার্থনা করলে মনোবাঞ্ছা পূরণ হয়। সেই বিশ্বাসেই প্রজন্মের পর প্রজন্ম ধরে মায়ের মন্দিরে ভক্তদের আনাগোনা অব্যাহত। ইছামতির পাড়ে দাঁড়িয়ে সাড়ে তিনশো বছরের ইতিহাস আজও যেন জীবন্ত হয়ে ওঠে সংগ্রামপুরে।