চেম্বুরে প্রায় ২০ বিড়ালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, FIR দায়ের; CCTV-তে অভিযুক্তের খোঁজ

দেশ

নিউজপোল ব্যুরো: মুম্বাইয়ের চেম্বুরের পাঞ্জরাপোল এলাকায় একের পর এক বিড়ালের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসহায় প্রাণীগুলোর এমন পরিণতিতে ক্ষোভের পাশাপাশি এলাকায় উদ্বেগও তৈরি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় পশু পরিচর্যাকারী রুবিনা পাঠান আগস্ট মাসে প্রথম কয়েকটি বিড়ালের মৃতদেহ দেখতে পান। এরপর ৪ সেপ্টেম্বর আরও ছয়টি মৃত বিড়াল উদ্ধার হয়। পরদিন একটি মৃত বিড়ালের পাশাপাশি গুরুতর আহত অবস্থায় একটি বিড়ালছানাকেও পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, কয়েকটি মৃতদেহে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

আরও দেখুন:-চাকরির প্রলোভনে বাংলাদেশে পাচার, ১৭ দিন পর ভাইয়ের হাতে ফিরলেন মধুমিতা

অসহায় প্রাণীদের এই অবস্থায় দেখে পুলিশের দ্বারস্থ হন রুবিনা। ৯ সেপ্টেম্বর RCF থানায় FIR নথিভুক্ত হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৩২৫ ধারা এবং পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

অভিযুক্তদের শনাক্ত করতে এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ ও কারা এর সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে।

এই ঘটনার তদন্ত দ্রুত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা হবে—এমনটাই আশা করছেন স্থানীয় পশুপ্রেমীরা। কারণ, কথা বলতে না পারা প্রাণীদের উপর নিষ্ঠুরতারও বিচার হওয়া জরুরি।