নিউজপোল ব্যুরো: সরকারি প্রকল্পের সুবিধা পেতে কোথায় আবেদন করবেন, কোন দফতরে যেতে হবে—এই নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এবার মানুষের সুবিধার্থে ২ অক্টোবর থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’ শিবির। তিন দিন ধরে, অর্থাৎ ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
জানা গিয়েছে, ব্লক ও পুরসভা স্তর মিলিয়ে রাজ্যজুড়ে প্রায় ৩৩০০টি শিবির খোলা হবে। একই জায়গা থেকে প্রায় ৬০টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে। অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিসান ক্রেডিট কার্ড এবং পিএম কিসান স্বনিধি-সহ একাধিক প্রকল্পের পরিষেবা মিলবে।
আরও দেখুন:-হাওড়া স্টেশনে আরপিএফের তল্লাশি, যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ৪৪ লক্ষ টাকা
শুধু নতুন করে আবেদন নয়, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং বিশেষভাবে সক্ষমদের ভাতার জন্য প্রয়োজনীয় ফর্মও পাওয়া যাবে এই শিবির থেকে। অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস জানার ব্যবস্থাও থাকছে।
সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে শিবির। কলকাতায় প্রতি দুটি ওয়ার্ড পিছু একটি করে শিবির বসবে। হাওড়া পুরনিগমের ৫০টি ওয়ার্ডের ২৬টি জায়গাতেও আয়োজন করা হচ্ছে এই শিবির। নিজের এলাকার শিবিরের ঠিকানা জানতে সরকারি ওয়েবসাইট অথবা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে।
