নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির মুখ কে? চন্দ্রনাথ রথের মায়ের নাম ঘিরে জল্পনা তুঙ্গে

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই নন্দীগ্রামকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা এই হাইভোল্টেজ কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। সেই আলোচনায় উঠে এসেছে হাসি রথের নাম। তিনি শুভেন্দু অধিকারীর নিহত আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের মা।

আরও দেখুন :-প্রদ্যুৎ দাসের বিরুদ্ধে আইনি নোটিশ বিজেপি নেত্রীর, ভাইরাল অডিও ঘিরে তুঙ্গে বিতর্ক

বিজেপির তরফে এখনও প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে হাসি রথকে প্রার্থী করা হতে পারে বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে। এ বিষয়ে মুখ খুলেছেন হাসি রথ নিজেও। তিনি জানিয়েছেন, দল যদি তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়, তা হলে তিনি তা গ্রহণ করবেন। তাঁর দাবি, ১৯৯৮ সাল থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে দু’বার পঞ্চায়েত সদস্য এবং তিনবার পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে, প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবে বলে জানিয়েছেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। একই সঙ্গে নন্দীগ্রামে বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন হওয়ার কথা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে পারেন—এমন জল্পনাও রয়েছে। সেই প্রসঙ্গেই সৌমেন্দুর দাবি, মমতা নন্দীগ্রামে লড়লে ফের পরাজয়ের মুখে পড়বেন।