নিউজপোল ব্যুরো: রান্নাঘরের শুকনো লঙ্কা দিয়েই ফুটে উঠেছে দেবী দুর্গার রূপ! চেনা উপকরণকে অসাধারণ শিল্পকর্মে বদলে দিয়ে তাক লাগালেন সোনারপুরের তরুণ শিল্পী জয়মাল্য মণ্ডল। মাটি, খড় কিংবা বাঁশের বদলে তাঁর সৃষ্টির প্রধান উপকরণ শুকনো লঙ্কা। দুর্গাপুজোর আবহে তাঁর এই ব্যতিক্রমী শিল্পকর্ম ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। পরিচিত একটি উপকরণকে শিল্পের মাধ্যমে এমন অভিনব রূপ দেওয়ার ভাবনাই নজর কাড়ছে সকলের।
ছোটবেলা থেকেই সৃষ্টির নেশায় মগ্ন জয়মাল্য। সোনারপুর মহাবিদ্যালয়ের এই ছাত্র পড়াশোনার পাশাপাশি নানা ধরনের উপকরণ দিয়ে নতুন কিছু তৈরি করতে ভালোবাসেন। কখনও মডেল ট্রেন, কখনও আবার এটিএম মেশিনের প্রতিরূপ তৈরি করে নিজের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন তিনি। দুর্গাপুজো এলেই নতুন কোনও উপকরণ দিয়ে মাতৃমূর্তি গড়ার ভাবনা তাঁকে তাড়িত করে। সেই ভাবনা থেকেই প্রতি বছর নিজের শিল্পকর্মে নতুনত্ব আনার চেষ্টা করেন তিনি।
এর আগে মাটি, দেশলাই কাঠি, তেজপাতা ও বেলপাতা দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করেছেন জয়মাল্য। তাঁর এই সৃষ্টি প্রমাণ করে, শিল্পের ভাষায় সাধারণ উপকরণও হয়ে উঠতে পারে অসাধারণ। ২০২৫ সালে বেলপাতার প্রতিমা তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নিজের নাম নথিভুক্ত করান তিনি। এ বার সেই ধারাবাহিকতা বজায় রেখেই শুকনো লঙ্কাকে বেছে নিয়েছেন প্রতিমা তৈরির উপকরণ হিসেবে।নতুন ভাবনা আর সৃজনশীলতার মেলবন্ধনে তাঁর এই উদ্যোগ দুর্গাপুজোর মরসুমে নিঃসন্দেহে এক অন্যরকম আকর্ষণ।
জয়মাল্যর এই কাজে পাশে রয়েছে তাঁর পরিবার। মা অসীমা মণ্ডলের কথায়, ছেলের নতুন কিছু তৈরির আগ্রহ ছোটবেলা থেকেই। নিজের ভাবনা ও চেষ্টাতেই সে এমন কাজ করে। প্রতিমার চক্ষুদানও সম্পন্ন হয়েছে মহালয়ার দিন। এবার পাড়ার পুজোমণ্ডপে স্থান পাবে এই লঙ্কা-দুর্গা। প্রথাগত উপকরণের বাইরে গিয়ে জয়মাল্যর এই সৃষ্টি দেখিয়ে দিল, শিল্পের নতুন পথ খুঁজতে প্রয়োজন কল্পনা, নিষ্ঠা আর নিরন্তর চেষ্টা।
