নিউজপোল ব্যুরো: ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরি নেই! মহালয়ার ভোরে টেলিভিশনের পর্দায় দেবী দুর্গার আবির্ভাব দেখার অপেক্ষায় বাঙালি দর্শক। আর সেই অপেক্ষার উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বিভিন্ন বাংলা চ্যানেলের নতুন প্রচারঝলক। কোথাও মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কোথাও অঙ্কিতা মল্লিক, আবার কোথাও প্রথমবার দুর্গারূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া রায়। দেবীপক্ষের সূচনায় কোন চ্যানেলে কাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা নিয়েই এখন দর্শকদের মধ্যে জোর কৌতূহল।
স্টার জলসার মহালয়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবী দুর্গার পাশাপাশি আদ্যাশক্তির একাধিক রূপের পৌরাণিক কাহিনি তুলে ধরা হবে এই নিবেদনে। শিবের চরিত্রে দেখা যাবে রণজয় বিষ্ণুকে। দেবী কৌশিকীর ভূমিকায় তৃণা সাহা, ভ্রমরী রূপে মানালি দে, তারা মায়ের চরিত্রে সুস্মিতা দে, চামুণ্ডা হিসেবে স্বস্তিকা দত্ত, কালী রূপে স্নেহা এবং কামাখ্যার ভূমিকায় থাকছেন হিয়া মুখোপাধ্যায়। বিশেষ করে চামুণ্ডা রূপে স্বস্তিকার সাজ ও অভিব্যক্তি ইতিমধ্যেই নজর কেড়েছে। মানালি দের কথায়, দেবদেবীর চরিত্রে অভিনয় করতে শুধু সাজপোশাক নয়, চরিত্রের গাম্ভীর্য ফুটিয়ে তোলাও বড় চ্যালেঞ্জ।
অন্যদিকে, জি বাংলার এবারের মহালয়া অনুষ্ঠানের নাম ‘অশুভনাশিনী ত্রিনয়নী’। এই অনুষ্ঠানে রামের অকালবোধন এবং আদ্যাশক্তির নানা রূপের কাহিনি তুলে ধরা হবে। মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে, মহাদেবের ভূমিকায় রুবেল দাস এবং মহিষাসুরের চরিত্রে নাইজেল। রাম ও সীতার ভূমিকায় থাকছেন অভিষেক বসু এবং ইশা সাহা। পাশাপাশি পার্বতী হিসেবে শ্বেতা ভট্টাচার্য, স্কন্দমাতা রূপে পল্লবী শর্মা, মহালক্ষ্মী হিসেবে তানিক্ষা তিওয়ারি, বিন্ধ্যবাসিনী রূপে ইশানি চট্টোপাধ্যায়, শিবদূতী হিসেবে দেবাদৃতা বসু এবং ভদ্রকালীর ভূমিকায় আরাত্রিকা মাইতিকে দেখা যাবে। অনুষ্ঠানটি ১০ অক্টোবর ভোর ৫টায় সম্প্রচারের কথা।
এবার সান বাংলার আয়োজনেও রয়েছে বিশেষ চমক। ‘অভয়াশক্তি যুগে যুগে অপরাজিতা’ অনুষ্ঠানে প্রথমবার মা দুর্গার ভূমিকায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। পার্বতী, উগ্রচণ্ডী ও ভদ্রকালীর মতো একাধিক রূপে ধরা দেবেন তিনি। অন্যদিকে, মহালয়ার আগেই ‘নবদুর্গা’ ছবিতে দেবীর নয়টি রূপে অভিনয় করে নজর কেড়েছেন পাপিয়া অধিকারী। সব মিলিয়ে মহালয়ার ভোরে দেবীর নানা রূপ, পৌরাণিক কাহিনি আর তারকাদের অভিনয় ঘিরে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। এবার দর্শকদের নজর থাকবে, কোন চ্যানেলের পরিবেশনা সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায়।
