নিউজ পোল ব্যুরো: ২০২২ সালে শেষ হয়েছিল নীল ভট্টাচার্যের (Nil Bhattacharya) কেরিয়ারের অন্যতম মাইলস্টোন ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakoli)। সেই থেকে তিন বছর কেটে গিয়েছে। এর মধ্যে আরও তিনটি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। কিন্তু ‘নিখিল’-এর জনপ্রিয়তাকে ছাপিয়ে ওঠা যায়নি আর কোনও চরিত্রের মাধ্যমে। দর্শকের মনে প্রশ্ন উঠেছে, ছোটপর্দার এই জনপ্রিয় মুখের জৌলুস কি তবে কমেছে? নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-য় চিকিৎসকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আবারও কি দর্শকের মন জিততে পারবেন নীল?
আরও পড়ুন:Abhishek Banerjee: দল আগে, ব্যক্তি নয়! অভিষেকের হুঁশিয়ারি গোষ্ঠীকোন্দলকারীদের
অভিনেতা অবশ্য নিজের কেরিয়ারের ওঠাপড়াকে একেবারেই স্বাভাবিকভাবে দেখেন। তাঁর কথায়, “সবাইয়ের জীবনেই চড়াই-উতরাই থাকে। সাফল্য উপভোগ করলে, ব্যর্থতাও গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে।” নীলের (Nil Bhattacharya) বড় অনুপ্রেরণা শাহরুখ খান (Shah Rukh Khan)। সেই প্রসঙ্গেই বললেন, “শাহরুখ খানের জীবনে অনেক ওঠাপড়া এসেছে। তাঁকে দেখে আমি শিক্ষা নিয়েছি। সবসময় আমাদের হাতে সবকিছু থাকে না। আজ আমির খানের ‘তারে জমীন পর’ প্রথমে বক্সঅফিসে খুব ভাল ব্যবসা করেনি। তা বলে কি তিনি খারাপ অভিনেতা?”
নীলের (Nil Bhattacharya) মতে, একটি ধারাবাহিক মানে শুধু ভাল অভিনেতা নয়, তার সঙ্গে যুক্ত থাকেন ভাল লেখক, চিত্রনাট্যকার, পরিচালক, আরও অনেকে। তাই কোনও চরিত্র দর্শকের কাছে ব্যর্থ মনে হলেও তাঁর কাছে প্রত্যেক কাজই এক নতুন অভিজ্ঞতা। তিনি যোগ করলেন, “আমার প্রতিটি ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা খুব ভাল। ভাল-খারাপ বিচার দর্শকের হাতে।”
নতুন ধারাবাহিকে প্রথমবার নীলের (Nil Bhattacharya) বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে (Madhumita Sarkar)। জুটি হিসেবে তাঁদের কেমিস্ট্রি ঘিরেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকের মনে। অন্যদিকে, একই চ্যানেলের আরেকটি জনপ্রিয় ধারাবাহিকের মুখ তৃণা সাহা (Trina Saha), যিনি নীলের স্ত্রী। একসঙ্গে কাজ করলেও তাঁদের মধ্যে কোনও প্রতিযোগিতা নেই বলে জানালেন অভিনেতা। তাঁর বক্তব্য, “আমরা দু’জনেই চাই সবাই ভাল কাজ করুক। তুলনা করার কিছু নেই।” তিন বছরে দর্শকপ্রিয়তায় খানিক ভাটা এলেও আশাবাদী নীল। নতুন চরিত্রে নিজের স্বকীয়তা প্রমাণ করাই তাঁর লক্ষ্য। ছোটপর্দার এই নতুন যাত্রায় আবারও দর্শকের মনে জায়গা করে নিতে পারবে কি নীল মধুমিতা জুটি, এখন সেটাই দেখার অপেক্ষা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
