Malaika Arora: ৭ বছরে ২ কোটি টাকার লাভ! অন্ধেরির বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন মালাইকা অরোরা

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) সম্প্রতি মুম্বইয়ের অন্ধেরি ওয়েস্ট এলাকার নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। ২০১৮ সালে তিনি প্রায় ৩ কোটি ২৬ লক্ষ টাকায় এই ফ্ল্যাটটি কিনেছিলেন। সাত বছরের ব্যবধানে ওই এলাকার ফ্ল্যাটের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় মালাইকা এই বিক্রিতে প্রায় ২ কোটি টাকা লাভ করেছেন বলে সূত্রের খবর। অর্থাৎ সাত বছরে ফ্ল্যাটটির দাম প্রায় ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: Supreme Court order on SSC exam:নবম-দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন,প্রার্থীরা পেলেন স্বস্তি!

এই বিলাসবহুল ফ্ল্যাটটির আয়তন প্রায় ১,৩৬৯ স্কোয়্যার ফিট। অন্ধেরি ওয়েস্ট মুম্বইয়ের অন্যতম আকর্ষণীয় এবং জনপ্রিয় এলাকা। এখানে বহু বলিউড তারকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। একই এলাকায় বাস করেন অভিনেতা রণদীপ হুডা, জয়দীপ অহলাবত, গুরমীত চৌধুরী, গওহর খান, রণিত বোস রায় এবং কার্তিক আরিয়ানসহ আরও অনেকে। তাই এই এলাকা দীর্ঘদিন ধরেই বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক হিসেবে পরিচিত।

অভিনেত্রী কেন হঠাৎ এই ফ্ল্যাট বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, তা এখনও জানা যায়নি। মালাইকা (Malaika Arora) এ বিষয়ে কোনও মন্তব্যও করেননি। তবে মুম্বইয়ের মতো শহরে সম্পত্তি বিক্রি বা কেনা অনেক সময় বিনিয়োগ কৌশলের অংশ হিসেবেই দেখা হয়। ঠিক এক মাস আগে সালমান খানও বান্দ্রা ওয়েস্টের নিজের একটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন ৫.৩৫ কোটি টাকায়। ফলে মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে বলিউড তারকাদের সম্পত্তি কেনাবেচা নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে।

মালাইকা অরোরার গ্ল্যামার জগতে যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে, এরপর তিনি বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন অভিনয় ও নাচের পারফরম্যান্স দিয়ে। তাঁকে শেষ দেখা গিয়েছিল জনপ্রিয় নাচের অনুষ্ঠান ‘হিপহপ’ সিজ়ন ২-এ। সম্প্রতি খবর এসেছে, আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দনা অভিনীত নতুন ছবি ‘থামা’-য় বিশেষ নাচের পারফরম্যান্সে দেখা যাবে তাঁকে।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সবসময় আলোচনায় থাকে। স্বাস্থ্য সচেতনতা, ফিটনেস রুটিন এবং সাহসী ফ্যাশন স্টেটমেন্টের জন্য মালাইকা সবসময় খবরের শিরোনামে থাকেন। এবার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রির এই সিদ্ধান্তও সেই তালিকায় নতুন সংযোজন।

মুম্বইয়ের রিয়েল এস্টেট বাজারে সবসময়ই চাহিদা বেশি থাকে। বিশেষ করে অন্ধেরি ওয়েস্ট ও বান্দ্রা এলাকা বলিউড তারকাদের অন্যতম পছন্দের ঠিকানা। সেখানে সম্পত্তির দাম দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের জন্য এগুলি সোনার খনির মতো। মালাইকার সাত বছরের পুরনো এই বিনিয়োগও তাই এখন লাভজনক ব্যবসায়িক পদক্ষেপে পরিণত হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole