নিউজপোল ব্যুরো: একুশে জুলাইয়ের মেগা দিনে এক অদ্ভুত রাজনৈতিক পরিবেশের সাক্ষী হতে চলেছে কলকাতা। এবার শহর জুড়ে মোট তিনটি ভিন্ন শহিদ দিবস পালিত হচ্ছে—তৃণমূলের দুটি পৃথক শিবির এবং কংগ্রেসের একটি কর্মসূচি। ইতিমধ্যে এই কর্মসূচিগুলিতে যোগ দিতে রাজ্যজুড়ে সমর্থকদের ঢল নেমেছে ধর্মতলামুখী রাস্তায়। ফলে সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গেই শহরের প্রধান প্রধান সড়কগুলিতে যানচলাচল স্তব্ধ হওয়ার বা গতি মারাত্মক ধীর হয়ে যাওয়ার আশঙ্কা করছে ট্রাফিক পুলিশ।
শহিদ মিনারে রয়েছে ঋত তৃণমূলের বিশেষ অনুষ্ঠান, অন্যদিকে রেড রোড ও মেয়ো রোড চত্বরেও দলীয় সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। মেয়ো রোড ও ডাফরিন রোডে সরাসরি যানচলাচল সম্পূর্ণ বন্ধ না করা হলেও গাড়ি চলবে চরম স্লথ গতিতে। সাধারণ মানুষের সুবিধা এবং জরুরি পরিষেবা বজায় রাখতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই সমস্ত সংবেদনশীল রাস্তায় অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি ছাড়া অন্য ভারী যানবাহন চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সবচেয়ে বেশি ট্রাফিক জটের আশঙ্কা তৈরি হয়েছে ক্যাথিড্রাল রোড চত্বরে। সাধারণত দ্বিমুখী যানচলাচল থাকলেও, আজ সকাল থেকেই ক্যাথিড্রাল রোড পুলিশ পুরোপুরি সিল করে দেওয়ায় ওই এলাকায় গাডি আটকে থাকার চরম ঝুঁকি রয়েছে। পাশাপাশি এসএসকেএম হাসপাতালের সামনের সড়কগুলিতেও সময় মেনে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। দুপুর ১টার আগে পর্যন্ত হরিশ মুখোপাধ্যায় রোড ধরে গাড়ি পার্ক স্ট্রিটের দিকে যাবে। আবার দুপুর ১টার পর পার্ক স্ট্রিটের দিক থেকে হরিশ মুখোপাধ্যায়ের অভিমুখে গাড়ি ছাড়ার নির্দেশ রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের ক্রসিং এবং ক্যাথিড্রাল রোডের সংযোগস্থলে গাড়ি পৌঁছালেই গতি কমে আসবে। তাই জরুরি কাজে বেরোনোর আগে যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে ট্রাফিক পুলিশ।
