ইট লুটের পর এবার প্রাথমিকে কোটি টাকার থাবা! অনুব্রত ও জীবনকৃষ্ণের বিরুদ্ধে সিউড়ি পুলিশের মারাত্মক ধারায় মামলা রুজু

অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ইটভাটায় ইট লুটের চাঞ্চল্যকর অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও নাম জড়াল অনুব্রতর। বীরভূমের সিউড়ি জেলা আদালতের কড়া নির্দেশে অনুব্রত মণ্ডল ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ মোট ৬ জনের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।

আদালত সূত্রে জানা গেছে, কল্যাণ ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ তুলেছিলেন যে ২০১৭ সাল থেকে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার চাকরি বিক্রি ও দুর্নীতি চাপা দিয়ে রাখা হয়েছিল। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা পকেটে পুরলেও কাউকে চাকরি দেওয়া হয়নি বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশ প্রথমে তাঁর অভিযোগ নিতে অস্বীকার করায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। শেষ পর্যন্ত বিচারকের নির্দেশে নড়েচড়ে বসতে বাধ্য হয় পুলিশ প্রশাসন এবং ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রাথমিক তদন্ত রিপোর্ট সিউড়ি আদালতে জমা দেওয়া হয়েছে। মামলাকারীর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় স্পষ্ট জানান, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এতদিন মানুষকে ঠকিয়ে আসা হয়েছিল। আদালতের হস্তক্ষেপেই আজ সিউড়ি থানার পুলিশ অনুব্রত ও জীবনকৃষ্ণদের বিরুদ্ধে কঠিন জামিনঅযোগ্য ধারায় এফআইআর দায়ের করতে বাধ্য হয়েছে।

দিনকয়েক আগেই অনুব্রতর বিরুদ্ধে বোলপুরে পার্টি অফিস তৈরির নামে এক ইটভাটার মালিকের থেকে ৩০ লক্ষ টাকার ইট লুট করার অভিযোগ সামনে আসে। টাকা চাইতে গেলে ওই ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে দাবি। ইটভাটা কাণ্ডের পর এবার প্রাথমিকে চাকরি দুর্নীতির এই নতুন জট বীরভূমের ‘কেষ্ট’কে কতটা ব্যাকফুটে ঠেলে দেয়, এখন সেটাই দেখার।