নিউজ পোল ব্যুরো : ‘বাংলায় এসআইআর (SIR) বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়া শুরু হতেই সংগঠনকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। কিন্তু সেই কাজের গতি ও দায়বদ্ধতা নিয়ে দলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার বিএলএ২-দের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দেন, দায়িত্বে অবহেলা করলে দল আর পাশে থাকবে না।
দলের সূত্রে খবর, এসআইআর (SIR) প্রক্রিয়ায় সাধারণ মানুষকে সহায়তার জন্য রাজ্যজুড়ে প্রতি বুথে সহায়তা শিবির এবং কেন্দ্রভিত্তিক ‘ওয়ার রুম’ তৈরি করা হয়েছে। কিন্তু কিছু জায়গায় সেই কাজ ঠিকমতো হচ্ছে না বলেই অভিযোগ। কয়েকজন সাংসদ, বিধায়ক ও দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দিষ্ট সময় দিচ্ছেন না এই বিষয়টি নিয়েই অভিষেকের ক্ষোভ প্রকাশ পায় বৈঠকে।
অভিষেক (Abhishek Banerjee) সাফ জানিয়ে দেন, “যাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করতেই হবে। আপনি এমএলএ হোন বা এমপি পরিচয় বড় কথা নয়, কাজটাই আসল। দায়িত্ব নিয়ে যদি বসে থাকেন আর কাজ না করেন, দল আপনাদের রক্ষা করবে না।” তিনি (Abhishek Banerjee) আরও বলেন, সংসদের অধিবেশনে উপস্থিতি জরুরি হলেও, বাকি সময় নিজের এলাকায় থেকেই মানুষের পাশে দাঁড়াতে হবে। আত্মতুষ্টি কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
বিজেপিকে নিশানা করে অভিষেক বলেন, “হরিয়ানা আর দিল্লিতে যা করেছে, এখানেও তাই করার চেষ্টা হবে। যারা ‘ধীরে চলো’ নীতিতে বিশ্বাস করেন, তাদের এখনই জেগে উঠতে হবে।” তাঁর মতে, দলের ওয়ার রুমগুলি সক্রিয় না থাকলে বিজেপি পুরো সুযোগ নিয়ে নেবে।
এসআইআর প্রসঙ্গে তিনি জানান, ফর্ম ৭-এর মাধ্যমে বিজেপি পরিকল্পিতভাবে তৃণমূল সমর্থকদের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছে। অনেক জায়গায় গুচ্ছ আকারে ফর্ম জমা দেওয়া হয়েছিল। তবে দলের কর্মীরা সতর্ক থাকায় সেই চেষ্টা ধরা পড়ে এবং প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
বৈঠকে অভিষেক আরও বলেন, “দলের জন্যই আপনারা এমএলএ বা এমপি হয়েছেন। প্রয়োজনে নিজের পকেটের টাকা খরচ করেও মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা অন্য দলের মতো আপনাদের কাছ থেকে তহবিলের অর্ধেক দাবি করি না, কিন্তু দায়িত্ব পালনে কোনও ছাড় নেই।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
