Maoists: বিজেপি কর্মীর রক্তে রাঙা বিজাপুর, ‘চরের তকমায়’ মাওবাদী দমন না প্রতিশোধ?

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: নিশব্দে ছত্তিশগড়ের (Chattisgarh) জঙ্গলে আবারও রক্ত ঝরাল মাওবাদীরা (Maoists)। পুলিশের চরবৃত্তির অভিযোগে এবার তাদের নিশানায় পড়লেন বিজেপির (BJP) এক সক্রিয় কর্মী। রাজনৈতিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এই হত্যাকাণ্ড ফের একবার সামনে এনে দিল মাওবাদী (Maoists) সন্ত্রাসের নির্মম ও বিপজ্জনক চেহারা।

আরও পড়ুন: Mamata Banerjee: উত্তরবঙ্গ সফরে মমতা, শেষ মুহূর্তে বদল মিরিক যাত্রায়, প্রশাসনিক ব্যস্ততায় রদবদল সফরসূচিতে

সোমবার রাতে ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইলমিডি থানার অন্তর্গত মুজালকাঙ্ক গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বিজেপি কর্মী সত্যম পুনেমকে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই সত্যমকে ‘পুলিশের চর’ বলে সন্দেহ করছিল মাওবাদীরা (Maoists)। এমনকি তাকে তিনবার ‘সতর্ক’ও করা হয়েছিল। কিন্তু তাতেও ‘সংশোধন’ না হওয়ায় শেষপর্যন্ত ‘শাস্তি’ হিসেবে তার প্রাণ নেওয়া হয়। সত্যমের দেহের পাশেই মাওবাদীরা একটি লিফলেট ফেলে যায়, যেখানে হত্যার কারণ হিসাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, তিনি পুলিশের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে মাওবাদীদের গতিবিধি ফাঁস করছিলেন।

এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। মাওবাদী দমনে বিশেষ অভিযানও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তবে এটিই প্রথম নয়। চলতি বছরেই ‘পুলিশের চর’ সন্দেহে প্রায় ৪০ জন গ্রামবাসী, শিক্ষক, ও বিভিন্ন পেশার মানুষকে হত্যা করেছে মাওবাদীরা। কিছুদিন আগেই সুকমায় এক তরুণ শিক্ষক লক্ষ্মণ বরসেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। জুলাই মাসে বিজাপুর জেলার ফারসেগড়ে মাওবাদীদের হাতে প্রাণ হারিয়েছিলেন দুই শিক্ষাদূত। ফেব্রুয়ারিতেও দান্তেওয়াড়ায় একই কায়দায় হত্যা করা হয়েছিল এক গ্রামীণ শিক্ষককে।

রাজনৈতিক মহল মনে করছে, নিরাপত্তা বাহিনীর টানা অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে মাওবাদীরা। ফলে এখন তারা জনবিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি প্রতিহিংসার বশে এমন নিরীহ মানুষদের উপর আঘাত হানছে, যাদের ওপর সামান্য সন্দেহও তৈরি হচ্ছে। সত্যম পুনেমের হত্যাকাণ্ড তাই শুধু ব্যক্তিগত নয়, এটি মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে এক গা শিউরে ওঠা রাজনৈতিক বার্তা। সরকারের তরফে এবার কড়া পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে এভাবে একের পর এক প্রান্তিক মানুষ ও রাজনৈতিক কর্মী প্রাণ হারাতে থাকবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole