নিউজ পোল ব্যুরো: বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘কান্তারা ১’ (Kantara Chapter 1)। পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি যেন ফের মন্ত্রমুগ্ধ করে তুলেছেন গোটা দেশকে। তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘কান্তারা’র সেই সাফল্যের রেশ কাটেনি এখনও। এবার প্রিক্যুয়েল ‘কান্তারা ১’ (Kantara Chapter 1) মুক্তি পেয়েই ফের ছুঁয়ে ফেলেছে দর্শকের হৃদয়। ক্লাইম্যাক্সের এক বিশেষ দৃশ্য নিয়ে চলছে তুমুল আলোচনা, আর সেই দৃশ্যেরই অন্তরালে লুকিয়ে রয়েছে এক অবিশ্বাস্য গল্প ঋষভ শেট্টির ফুলে ওঠা পা, অবসন্ন শরীর, আর এক অদৃশ্য ঐশ্বরিক শক্তির ছোঁয়া।
আরও পড়ুন:Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি
ঋষভ শেট্টি নিজেই জানিয়েছেন, ওই ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন তাঁর পা ফুলে ঢোল হয়ে গিয়েছিল। শরীরে ছিল না কোনও সাড়, তবু শুটিং থামেনি। নিজের সেই ফুলে ওঠা পায়ের ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “এই ছবিটি সেই সময়কার—যখন ক্লাইম্যাক্সের শুটিং করছিলাম। শরীর একেবারেই সহযোগিতা করছিল না। কিন্তু একটা ঐশ্বরিক শক্তি যেন আমায় ভর করেছিল। সেই শক্তির আশীর্বাদ ছাড়া এমন অভিনয় সম্ভবই ছিল না।” তাঁর সেই পোস্টে ভেসে এসেছে হাজার হাজার শুভেচ্ছা ও প্রশংসা। ‘কান্তারা ১’ (Kantara Chapter 1)-এর শক্তি যে শুধু গল্প বা সিনেমাটোগ্রাফি নয়, তা প্রমাণ করেছেন ঋষভ।

গ্রামের লোকজ সংস্কৃতি, বিশ্বাস, দেবভক্তি আর মানবিকতার সংমিশ্রণে তৈরি এই ছবির আবেগ ছুঁয়ে যাচ্ছে সকলকে। দক্ষিণ ভারতের মাটির গন্ধে ভরপুর এই ছবির প্রতিটি ফ্রেম যেন একেকটা চিত্রপট। দর্শকদের কেউ কেউ বলছেন, এই ছবির ক্লাইম্যাক্সে তাঁরা যেন দেবতার উপস্থিতি অনুভব করেছেন। এই ছবিটি তৈরিতে প্রায় তিন বছর সময় নিয়েছেন ঋষভ শেট্টি। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি মোট পাঁচটি ভাষায় একসঙ্গে মুক্তি পেয়েছে ‘কান্তারা ১’ (Kantara Chapter 1)।

একই দিনে মুক্তি পেয়েছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’, কিন্তু দর্শক ও সমালোচকের নজর আজ একটাই দিকে—ঋষভের ‘কান্তারা ১’। ‘কান্তারা’ (Kantara Chapter 1)-এর প্রথম পর্বের মতোই প্রিক্যুয়েলেও আছে গভীর আধ্যাত্মিকতা ও মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের অদ্ভুত মেলবন্ধন। ঋষভের মতে, এই গল্প শুধু সিনেমা নয়, এটা এক বিশ্বাসের প্রতিফলন। তাঁর কথায়, “যখন আমরা বিশ্বাস করি, তখন শক্তি নিজেই এসে পাশে দাঁড়ায়।” আর সেই বিশ্বাসের শক্তিতেই আজ আবারও আলোচনার কেন্দ্রে ‘কান্তারা ১’ (Kantara Chapter 1)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
