Amitabh Bachchan: জন্মদিনে অমিতাভকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী! পুরনো দিনের গল্পে ফিরলেন তিনি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের ইতিহাসে এমন নাম খুব কমই আছে, যাঁদের পরিচয়ে আজও ঝলমল করে ‘লেজেন্ড’ শব্দটি। তিনি অমিতাভ (Amitabh Bachchan)। শনিবার এই মহানায়কের ৮৩ তম জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের X হ্যান্ডেলে তিনি লেখেন, “সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হয়েছিলাম দু’জনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। তাঁরা আমাদের উৎসব পরিবারের অমূল্য সদস্য।” এই পোস্টের সঙ্গে যুক্ত স্মৃতিচারণ যেন ফের ফিরিয়ে নিয়ে গেল সেই দিনগুলিতে, যখন রাজনীতি ও সংস্কৃতির যোগসূত্রে মমতা আর অমিতাভ (Amitabh Bachchan) ভাগ করে নিয়েছিলেন এক বিশেষ বন্ধন।

আরও পড়ুন:Rupanjana Mitra: বয়সে ছোট হলেও সংসারে ‘বিগ বি’ রাতুল! স্বামীর জন্মদিনে রোম্যান্টিক বার্তা রূপাঞ্জনা-র

অমিতাভ (Amitabh Bachchan) আজ বলিউডের শাহেনশাহ হলেও তাঁর শুরুটা ছিল কঠিন ও সংগ্রামী। কলকাতা শহরে ছোটখাটো চাকরি করতেন তিনি। রেডিও ঘোষক হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ভারী গলার কারণে সুযোগ মেলেনি। তখনই পরিচালক মৃণাল সেন তাঁর অনন্য কণ্ঠ চিনে ফেলেন এবং ব্যবহার করেন ‘ভুবন সোম’ ছবিতে। সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্থানি’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ, কিন্তু শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। পরপর ফ্লপ ছবির পর ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’ বদলে দেয় তাঁর ভাগ্য। সিনেমা পায় ‘অ্যাংরি ইয়ংম্যান’, আর ভারতীয় চলচ্চিত্র পায় এক অবিস্মরণীয় নায়ক।

‘মুকদ্দর কা সিকন্দর’, ‘শরাবি’, ‘নমক হালাল’, ‘মর্দ’, ‘ইয়ারানা’— একের পর এক সুপারহিট ছবিতে নিজেকে প্রমাণ করে চলেন অমিতাভ (Amitabh Bachchan)। কিন্তু নব্বইয়ের দশকে জীবনে আসে অন্ধকার। ব্যবসায় ক্ষতি, ফ্লপ ছবি, আর্থিক টানাপোড়েন সব কিছু মিলিয়ে যেন থমকে গিয়েছিল কেরিয়ার। কিন্তু অমিতাভ ছিলেন লড়াকু। নতুন করে নিজের ইমেজ গড়ে তোলেন, ‘ব্ল্যাক’, ‘পা’, ‘কভি খুশি কভি গম’, ‘মহব্বতে’র মতো ছবিতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। সময়ের সঙ্গে বদলাতে জানাই তাঁকে করে তুলেছে আজকের এই যুগেও প্রাসঙ্গিক।

টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন সব জায়গায় তিনি সমান সফল। তাই হয়তো মমতার শুভেচ্ছা বার্তায় শুধু শ্রদ্ধাই নয়, মিশে ছিল এক গভীর আবেগও। কারণ অমিতাভ (Amitabh Bachchan) শুধু এক অভিনেতা নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক জীবন্ত প্রতীক, যাঁর প্রতিটি জন্মদিন মানে এক অনুপ্রেরণার গল্প।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole