নিউজ পোল ব্যুরো: দেশের দরিদ্র নাবালকদের টার্গেট করে গুপ্তচর তৈরি করার ছক কষেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এমনই চাঞ্চল্যকর অভিযোেগ সামনে এসেছে। সম্প্রতি উত্তরপ্রদেশ পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করার পর তদন্তে উঠে এসেছে একাধিক উদ্বেগজনক তথ্য। ধৃতদের মধ্যে ৫-৬ জন নাবালকও রয়েছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, সামান্য টাকার লোভ দেখিয়ে এই নাবালকদের ব্যবহার করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল।
আরও পড়ুন: কখন প্রকাশ হবে SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা? দিন-সময় জানিয়ে দিল কমিশন
তদন্তে জানা গিয়েছে, ধৃতদের বেশিরভাগের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের হাতে দেওয়া হয়েছিল হাই-এন্ড স্মার্টফোন। নির্দেশ ছিল ভোটমুখী পাঁচটি রাজ্যে গিয়ে বিভিন্ন রাজনৈতিক মিছিল, সভা, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ছবি ও ভিডিও তুলে পাকিস্তানে পাঠানো। গোয়েন্দাদের মতে, এই গোটা পরিকল্পনার নেপথ্যে রয়েছে আইএসআই। ধৃতরা জানিয়েছে, সীমান্তের ওপার থেকে ‘সর্দার’ নামে এক ব্যক্তি বিভিন্ন অ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখত এবং ছবি বা ভিডিও পাঠানোর নির্দেশ দিত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যাসাইনমেন্টের গুরুত্ব অনুযায়ী ধৃতদের মাত্র ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতো। এই নাবালকদের অনেককে ট্রেনে করে বিভিন্ন রাজ্যে পাঠানোর পরিকল্পনা ছিল। ট্রেনের জেনারেল কামরায় পরিযায়ী শ্রমিক সেজে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ছক করা হয়েছিল।
তদন্তে আরও জানা গিয়েছে, এর আগেও জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে একই ধরনের একটি মডিউল ধরা পড়েছিল। সেখানে বেশ কয়েকজন নাবালক সেনাবাহিনীর স্থাপনা ও মুভমেন্টের ছবি তুলে পাঠানোর কাজে যুক্ত ছিল। পুলিশ সূত্রে খবর , ধৃত নাবালকদের কাছ থেকে একাধিক সিম কার্ড এবং প্রায় ১০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার বিস্তারিত তথ্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। তদন্তকারীরা এখন এই গোটা চক্রের মূল নেটওয়ার্ক ও আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।
