নিউজ পোল ব্যুরো: একের পর এক বিতর্কের পর আবারও শিরোনামে উঠে এল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (RG Kar)। সম্প্রতি লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ট্রমা কেয়ার সেন্টারে এক রোগীর মৃত্যুকে ঘিরে নতুন করে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সামন্ত, বাড়ি নিমতা এলাকায়। পরিবারের দাবি, ভোররাতে বুকে ব্যথা নিয়ে তাঁকে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়। প্রথমে চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তিনি শৌচালয়ে যেতে চান। তখন হাসপাতালের (RG Kar) তরফে তাঁকে জানানো হয়, নীচে শৌচালয়ের ব্যবস্থা নেই এবং দূরে অবস্থিত একটি সুলভ শৌচালয় ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: Pakistan: বাংলা-সহ পাঁচ রাজ্যে পাঠানো হচ্ছিল নাবালক গুপ্তচর! আইএসআই-এর ভয়ংকর ছক ভেস্তে দিল পুলিশ
পরিবারের অভিযোগ, ওই সময় তাঁরা একাধিকবার স্ট্রেচারের আবেদন করলেও তা পাননি। ফলে বাধ্য হয়ে অসুস্থ অবস্থাতেই বিশ্বজিৎবাবুকে প্রায় ১০০ মিটার হাঁটতে হয় এবং এরপর সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। অভিযোগ, শৌচালয়ে পৌঁছনোর আগেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের দাবি, ওই সময়ও হাসপাতালের (RG Kar) পক্ষ থেকে কোনওরকম সহায়তা মেলেনি। তাঁদের অভিযোগ, হাসপাতালের চরম অব্যবস্থা এবং অবহেলার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
এই ঘটনা ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত ৭২ ঘণ্টায় পরপর দু’টি মৃত্যুর ঘটনায় আর জি কর হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, একজন গুরুতর অসুস্থ রোগীকে কেন হাঁটিয়ে শৌচালয়ে যেতে বলা হল? কেন স্ট্রেচারের ব্যবস্থা করা গেল না? এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, “রাজ্যের বহু হাসপাতালের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন না।” পাশাপাশি তিনি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন।
যদিও এই পুরো ঘটনাকে ঘিরে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি উঠছে বিভিন্ন মহলে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
