নিউজ পোল ব্যুরো: মানব পাচারের মিথ্যা মামলায় (Cyber fraud) গ্রেফতারের ভয় দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে নারায়ণপুর (Narayanpur) থানার পুলিশ। গ্রেফতার অভিযুক্তদের আজ ব্যারাকপুর (Barrackpore) আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী আধিকারিকরা।
আরও পড়ুন: Kolkata: নিউটাউনে চলন্ত বাসের চাকায় হাত কাটা গেল তরুণীর! সিটি সেন্টার ২-এর সামনে মর্মান্তিক কাণ্ড
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৬ অক্টোবর রাজারহাটের (Rajarhat) এক ব্যবসায়ী থানায় এসে বিস্তৃত অভিযোগ জানান। তিনি বলেন, গত ৮ সেপ্টেম্বর হঠাৎই তার মোবাইলে একটি মেসেজ আসে যেখানে জানানো হয় যে মানব পাচারের গুরুতর মামলায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে। জানা যায়, ভয় এবং অনিশ্চয়তায় আতঙ্কিত ওই ব্যবসায়ী বারবার যোগাযোগকারীদের নির্দেশ অনুযায়ী টাকা পাঠাতে শুরু করেন। অভিযোগ অনুযায়ী, ৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২৫ এই ১৫ দিনের মধ্যে তিনি বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট প্রায় ১ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা স্থানান্তর করেন।
অভিযোগ হাতে পাওয়ার পরই নারায়ণপুর (Narayanpur) থানা বিশেষ তদন্ত শুরু করে। লেনদেনের হিসাব, ফোন নম্বর এবং ডিজিটাল ট্রেইল অনুসরণ করে তদন্তকারীরা জানতে পারেন প্রতারণার সূত্র নাকি কর্ণাটকে পৌঁছে যাচ্ছে। পরবর্তীতে বিশেষ দল গঠন করে ওই রাজ্যে অভিযান চালায় পুলিশ (Narayanpur)। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত দুই সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়। ধৃতরা হলেন—নভীন আর এবং ইন্দ্রধনুস জে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা চক্রবদ্ধভাবে ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায় করত বলে অভিযোগ।
ধৃতদের ব্যারাকপুর আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়, যাতে পুরো প্রতারণা চক্রটি, এর পেছনে থাকা অন্যান্য ব্যক্তিদের পরিচয়, ব্যবহৃত ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং অর্থের লেনদেনের পথ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যায়। আদালত আবেদন নিয়ে সিদ্ধান্তের প্রক্রিয়ায় রয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এমন ভুয়ো বার্তা তৈরি করে তাকে মানসিকভাবে চাপে ফেলে অভিযুক্তরা পরিকল্পনা অনুযায়ী কোটি টাকার বেশি হাতিয়ে নেয়। পুলিশ এখন এই ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে। এছাড়াও এখনো আদায় করা অর্থের বড় অংশ কোথায় গিয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
