নিউজ পোল ব্যুরো: জাতীয় সঙ্গীতের মতোই সমমর্যাদা পেতে চলেছে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই দেশাত্মবোধক গানকে ঘিরে নতুন করে সক্রিয় হয়েছে মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বে সম্প্রতি একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বন্দে মাতরমকে (Vande Mataram) সম্মান জানানোর ক্ষেত্রে জাতীয় সঙ্গীতের মতোই আইনি বিধান প্রযোজ্য করা যায় কি না, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি অন্যান্য মন্ত্রকের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল—সংবিধান ও আইনে জাতীয় সঙ্গীতের জন্য নির্ধারিত নিয়মাবলি, যেমন উঠে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো, নির্দিষ্ট আচরণবিধি এবং অবমাননার ক্ষেত্রে শাস্তির বিধান—এই সবকিছু বন্দে মাতরমের (Vande Mataram) ক্ষেত্রেও কার্যকর করা সম্ভব কি না। বন্দে মাতরম (Vande Mataram) গাওয়ার সময়, স্থান ও পদ্ধতি নিয়ে স্পষ্ট নির্দেশিকা থাকা উচিত কিনা, সেই প্রশ্নও উঠে আসে বৈঠকে।
১৮৭৫ সালে প্রথম প্রকাশিত হয় বন্দে মাতরম (Vande Mataram)। পরে ১৮৮২ সালে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’-এ গানটি অন্তর্ভুক্ত হয়। ১৮৯৬ সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন, যার পর থেকে এটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক শক্তিশালী প্রতীকে পরিণত হয়। বর্তমানে বন্দে মাতরমের (Vande Mataram) ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচিও পালিত হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে গানটি রাজনীতির কেন্দ্রবিন্দুতেও উঠে এসেছে। সংসদে বন্দে মাতরম (Vande Mataram) প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি। শাসক দলের দাবি, ১৯৩৭ সালের কংগ্রেস অধিবেশনে বন্দে মাতরমের কিছু অংশ বাদ দেওয়া হয়েছিল, যা পরবর্তীকালে বিভাজনের রাজনীতিকে উসকে দেয়। যদিও কংগ্রেস এই অভিযোগকে ইতিহাস বিকৃতি বলে পালটা আক্রমণ করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই উদ্যোগের নেপথ্যে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনের অঙ্কও রয়েছে। বিরোধীদের অভিযোগ, রবীন্দ্রনাথের আবেগের বদলে বঙ্কিমচন্দ্র ও জাতীয়তাবাদের আবেগকে সামনে এনে বাংলার ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে চাইছে গেরুয়া শিবির। বর্তমানে সংবিধানে বন্দে মাতরমকে জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, তা গাওয়া বা পাঠ করার জন্য কোনও বাধ্যতামূলক শিষ্টাচার বা শাস্তির বিধান নেই। জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনায় যেখানে আইনি ব্যবস্থা নেওয়া হয়, সেখানে বন্দে মাতরম (Vande Mataram) নিয়ে তেমন নজির নেই। সেই ফাঁক পূরণ করতেই এবার নতুন উদ্যোগের পথে হাঁটছে মোদি সরকার।
